ভোটের রোদের উত্তাপ মেখে জমজমাট প্রচার বাঁকুড়ায়
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: রোদের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপও। দেওয়াল লিখন, প্রার্থী ছাড়াই মিছিল আর সোশ্যাল মিডিয়ায় প্রচারের বাইরে বিজেপিকে এখনো সেভাবে দেখা না গেলেও বাম-তৃণমূল যুযুধান দু’পক্ষই বাঁকুড়ার ভোট প্রচারের আসরে কেউ কাউকে ‘ওয়াকওভার’ দিতে রাজি নন।
সোমবার সকালে ছাতনার বাসুলী মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় জনসংযোগের কাজে নেমে পড়েন। অতি উৎসাহী কর্মী সমর্থক আর দলের জেলা সভাপতি অরূপ খাঁ, দলের নেতা অরূপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে মিছিল করে এলাকার বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। কথা বললেন সাধারণ ভোটারদের সঙ্গে। কথা বলার পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদনও রাখলেন তিনি।

ভোট যুদ্ধে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজী নন এই ‘হেভিওয়েট’ তৃণমূল প্রার্থী। তিনি বলেন, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ১৮ টি ব্লকেই ঘুরবেন। কথা বলবেন সব মানুষের সঙ্গে। সুব্রত মুখোপাধ্যায় তাঁর ভোট প্রচারে ‘আমি বাঁকুড়াকে ভালোবাসি, বাঁকুড়ার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক’ এই বিষয়টার উপর জোর দিতে চাইছেন বলে জানিয়েছেন।

একই সঙ্গে সংগঠনগতভাবে যে ‘রিপোর্ট’ তিনি হাতে পেয়েছেন, তাতে তাঁরা এই মুহূর্তে অনেকটাই এগিয়ে আছেন বলেই জানান। এর পর স্থানীয় অডিটোরিয়ামে ছাতনা ব্লক এলাকার এক কর্মী সম্মেলনে তিনি যোগ দেন। সেখানে মূল বিষয়ই ছিল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে দলের প্রার্থীকে জেতাতে হবে। এই সংকল্প নিয়েই কর্মীদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানানো হয় উপস্থিত তৃণমূল নেতৃত্বের তরফে।
অন্যদিকে, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুনীল খাঁ জানিয়েছেন, তাদের লড়াই তৃণমূল-বিজেপি দু’পক্ষের বিরুদ্ধেই। কেন্দ্রে বিজেপি সরকার আর রাজ্যে তৃণমূল সরকারের জনবিরোধী নীতির কথাই আমরা তুলে ধরছি। সাধারণ মানুষ জানেন একমাত্র বামপন্থীদের হাতেই বাংলার উন্নয়ন সুরক্ষিত। সেই জন্য প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

সোমবার বাঁকুড়ার ছাতনায় প্রাচীন বাসুলী মায়ের মন্দিরে পুজো দিয়ে যখন ব্লক স্তরে প্রচারের সূচনা করছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তখন অন্যদিকে বিষ্ণুপুরের সিপিএম প্রার্থী সুনীল খাঁ সোনামুখীর বন্দালহাটে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগের কাজ করছেন। সব মিলিয়ে বাম-তৃণমূলের সৌজন্যে ভোট প্রচারে জমজমাট জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম।
The post ভোটের রোদের উত্তাপ মেখে জমজমাট প্রচার বাঁকুড়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HMKRzL
via IFTTT
Comments
Post a Comment