আইপিএলের শুরুতেই কেকেআরের লড়াই ঘরের ছেলেদের বিরুদ্ধে

অভিষেক কোলে: ঘরের শত্রু বিভীষণ বলা যথাযথ হবে না। বরং ঘরের ছেলে বলাই শ্রেয়। হতে পারে এই ঘরের ছেলেদের কেউ একজন ম্যাচের শেষে বিভীষণ হয়ে দাঁড়াতে পারেন নাইট রাইডার্সের কাছে। কেননা, দ্বাদশ আইপিএলের শুরুতেই কলকাতা নাইট রাইডার্স এর লড়াই এমনই একদল ঘরের ছেলের বিরুদ্ধে।

কলকাতা তথা বাংলার ফ্রাঞ্চাইজি হলেও নাইট রাইডার্সে কলকাতার ছেলে কেউ নেই। উলটে প্রথম ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে এমন দু’জন ক্রিকেটার রয়েছেন আক্ষরিক অর্থেই যাঁদের আঁতুড়ঘর ইডেন গার্ডেনস। সানরাইজার্সের দুই উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও শ্রীবৎস গোস্বামী বাংলার ক্রিকেটার। সেই সূত্রে ছেলেবেলা থেকে ইডেনে খেলেই বড় হয়ে ওঠা তাঁদের। স্বাভাবিকভাবেই ইডেনের পিচ ও পরিবেশ-পরিস্থিতি হাতের তালুর মতো চেনা দুই বাংলা তারকার। যদিও নাইটদের বিরুদ্ধে দু’জনের একসঙ্গে মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। প্রথম একাদশে সুযোগ পাবেন একজন। অন্যজনকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে।

শুধু ঋদ্ধি ও শ্রীবৎসই নন, ইডেনের প্রতিটা ঘাসের সঙ্গে পরিচয় রয়েছে সানরাইজার্সের আরো তিন তারকার। এঁরা অন্য কেউ নন, বরং একদা কেকেআরের হয়ে ইডেন মাতানো তিন প্রাক্তন নাইট তারকা ইউসুফ পাঠান, মনীশ পান্ডে ও সাকিব আল হাসান।

২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দীর্ঘ সাতটি মরশুম কেকেআরের হয়ে মাঠে নেমেছেন ইউসুফ। গৌতম গম্ভীরের পর ইউসুফই নাইট রাইডার্সের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। ইউসুফের মতো গম্ভীরও সাতটি মরশুমে মাঠে নেমে ১০৮টি ম্যাচে নাইটদের জার্সি গায়ে চাপিয়েছেন। কলকাতার হয়ে ইউসুফ খেলেছেন ১০৬টি ম্যাচ।

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত চারটি মরশুমে মনীশ পান্ডে কেকেআরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৫৫টি ম্যাচে। সাকিব ছ’টি মরশুমে কেকেআরের হয়ে খেলেছেন ৪৩টি ম্যাচ।

ঋদ্ধি ও শ্রীবৎস শুধু বাংলার ক্রিকেটার হিসাবেই নয়, কেকেআরের জার্সি গায়ে চাপানোর নিরিখেও কলকাতার ঘরের ছেলে। ২০০৮ থেকে ২০১০ তিনটি মরশুমে ঋদ্ধিমান কেকেআরের হয়ে ৩৩ টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালে শ্রীবৎস নাইটদের হয়ে মাঠে নেমেছেন ৫টি ম্যাচে।

সুতরাং, কেকেআরের অন্দরমহল ও ইডেন সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে পাঁচ সানরাইজার্স তারকার। রবিবাসরীয় ইডেনে এঁদের মধ্যে চারজনের মাঠে নামার সম্ভাবনা প্রবল। চেনা প্রতিপক্ষ ও পরিচিত পরিবেশে নাইটদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াতে পারেন এঁদের যে কেউ। তাই যদি হয় তবে তাঁকে কেকেআর ঘরের শত্রু বলে বিবেচনা করতে পারে বটে। যদিও নাইটরা স্বেচ্ছায় একদা দল থেকে ছেঁটে ফেলেছে এই ঘরের ছেলেদের।

The post আইপিএলের শুরুতেই কেকেআরের লড়াই ঘরের ছেলেদের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U27ZRo
via IFTTT

Comments