বিজেপি কর্মীদের বাইকে আগুন লাগার ঘটনায় অভিযুক্ত তৃণমূল
স্টাফ রিপোর্টার, বর্ধমান: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে৷ বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের সামনে থাকা বিজেপি নেতাদের দুটি বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল৷ বিজেপির অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে৷
এদিকে তৃণমূলের নেতারা জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূল নয়, দায়ী বিজেপিরই গোষ্ঠী কোন্দল। মঙ্গলবার আচমকাই বিজেপি জেলা পার্টি অফিসের সামনে থাকা দুটি মোটরবাইকে আগুন লাগে। বিজেপির স্বচ্ছ ভারত মিশনের আহ্বায়ক দীনবন্ধু হাজরা এবং বাপ্পাদিত্য ঘোষের দুটি বাইক পুড়ে ছাই হয়ে যায়।
দীনবন্ধু বাবু জানিয়েছেন, তাঁরা সকলেই পার্টি অফিসের ভিতরে মিটিং করছিলেন। পার্টি অফিসে সেই সময় ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য কর্মকর্তারাও। হঠাতই তাঁরা আগুন লাগার খবর শুনতে পান পথচলতি মানুষের কাছ থেকে। দৌড়ে পার্টি অফিসের বাইরে এসে দেখেন দুটি বাইক দাউ দাউ করে জ্বলছে।

তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে দায়ী শাসক দল। তারাই বিজেপিকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছেন। সবসময়ের জন্য বিজেপি পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করারও দাবি করেন। যদিও এই ঘটনার পিছনে কারা দায়ী সেই বিষয়ে কিছু বলতে চাননি বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য ঘোষ। তিনি জানিয়েছেন, তাঁরা পার্টি অফিসের ভিতরে ছিলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তাঁরা জানেন না।

ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা সাধারণ সম্পাদক খোকন দাস জানিয়েছেন, এই ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্বেরই ফল। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। তৃণমূল, সিপিএম থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তারাই এখন বিজেপিতে গিয়ে ভিড় করেছে। আর তা নিয়েই বিজেপির পুরনো কর্মীদের মধ্যে শুরু হয়েছে বিরোধ। তাঁরা এইসব মানতে পারছেন না। আর তাই এই ঘটনা ঘটিয়েছে।
The post বিজেপি কর্মীদের বাইকে আগুন লাগার ঘটনায় অভিযুক্ত তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OslFzH
via IFTTT
Comments
Post a Comment