আদবানী জিততেন আসলে অমিত শাহের জন্যই, বলছে বিজেপি

নয়াদিল্লি: বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নাম নেই লালকৃষ্ণ আদবানীর। বৃহস্পতিবার সন্ধেয় বিজেপির তালিকা প্রকাশ হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। আদবানীর দীর্ঘদিনের কেন্দ্র গান্ধীনগরে টিকিট দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। এরপরই আক্রমণ করতে শুরু করে বিরোধীরা। আদবানীকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে প্রশ্ন ওঠে।

এসব বিতর্কের মাঝেই বিজেপি দাবি করল, আদবানীর সাফল্যের পিছনে নাকি বরাবরই ছিল অমিত শাহের হাত। আসলে অমিত শাহের জন্যই প্রত্যেকবার ওই কেন্দ্রে জয়ী হতেন আদবানী।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, লালকৃষ্ণ আদবানীর নির্বাচনী সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছেন অমিত শাহ। তিনি বলেন, প্রতিটি নির্বাচনে আদবানীর সাফল্যের নেপথ্যে ভূমিকা থাকত অমিতের। ভোট পরিচালনার দায়িত্ব আদতে তিনিই সামলাতেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, আদবানী নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতেন ঠিকই। তবে অমিত শাহই তাঁর জয়ের ব্যবধান যাতে বিরাট হয় সেটা নিশ্চিত করার কাজ করতেন।

প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি জানায় এবার আর ভোটের ময়দানে দেখা যাবে না দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী আদবানীকে। তখনই সমালোচনা শুরু করে কংগ্রেস। এমনিতেই বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে দলের প্রবীণ নেতাদের কোণঠাসা করার অভিযোগ রয়েছে আগে থেকেই।

১৯৯৮ সাল থেকে গান্ধীনগরের সাংসদ আদবানী। পর পর ছটি নির্বাচনে সংসদের নিম্ন কক্ষে গুজরাতের এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এর আগে অমিতের নাম ঘোষণা হওয়ার পর সমালোচনা করে কংগ্রেস। দলের নেতা পি এল পুনিয়া বলেন, আদবানীর মতো একজন অসাধারণ সাংসদের পরিবর্তে অমিত শাহকে প্রার্থী করা হচ্ছে। বিজেপি যে শুধু অমিত শাহেরই দল তা বুঝতে বাকি নেই কারও।

২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর, মন্ত্রিসভা থেকে বাদ পড়েন আদবানী। বিজেপি সিদ্ধান্ত নেয় ৭৫ বছরের বেশি বয়সী কাউকে মন্ত্রিত্ব দেওয়া হবে না। উল্লেখ্য এবার অসুস্থতার জন্য ভোটে লড়বেন না সুষমা স্বরাজ এবং ময়াবতীর মত নেত্রীও।

The post আদবানী জিততেন আসলে অমিত শাহের জন্যই, বলছে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HAuBTd
via IFTTT

Comments