প্রার্থী অপছন্দ, রাগে ফুটছে বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীরা

দেবময় ঘোষ, কলকাতা: বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টা আগেই দলীয় কর্মীদের মধ্যে মতোবিরোধের জেরে শুরু হয়েছিল গোষ্ঠী কোন্দল৷ তখন সবে এক-এক করে কিছু প্রার্থীর নাম বাইরে আসতে শুরু করেছেন৷ কিন্তু ওই প্রার্থীদের নামই কী চূড়ান্ত? প্রশ্নচিহ্ন ঝুলছিল৷ কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে তখন দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে কাদা ছোঁড়াছুড়ি৷

প্রার্থী হিসেবে যাঁদের নাম বাইরে আসছিল, সোশ্যাল মিডিয়াতে বিজেপির একশ্রেণীর নেতারা তাঁদেরকে ইঙ্গিত করে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে শুরু করেন৷ সন্ধ্যায় বিজেপি প্রার্থী তালিকা কেন্দ্রীয় দফতর থেকে প্রকাশিত হওয়ার পর অসভ্যতার বাঁধ ভেঙে যায়৷ উত্তর ২৪ পরগণা থেকে কোচবিহার, বর্ধমান, দমদম – দলের প্রার্থীর প্রতি অসন্তোষ দেখাতে থাকেন কিছু নেতা৷

ইতিমধ্যেই বারাসতের প্রার্থী ডা. মৃণাল কান্তি দেবনাথ এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী নিতীশ প্রামাণিকে বদল করার দাবি উঠেছে দলের অভ্যন্তরে৷ সূত্রের খবর, তাঁর বদলে কোচবিহারের প্রার্থী পদে জেলা সম্পাদক দীপক বর্মনের নাম প্রস্তাব করেছে কোচবিহার জেলা কমিটি। বীরভূমের প্রার্থী দুধকুমার মণ্ডলের প্রার্থীপদ পাওয়া নিয়েও বিজেপির একাংশের প্রশ্ন রয়েছে।

বৃহস্পতিবার রাতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ঘনিষ্ট এক ব্যক্তি ফেসবুকে লিখলেন, একজন প্রকৃত হিন্দু কখনও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিষোদগার করা ব্যক্তির লোকসভায় প্রার্থীপদ সমর্থন করতে পারে না৷ ইঙ্গিতটা স্পষ্ট, নাম না করলেও প্রশ্ন চিহ্নের মুখে রাখা হয়েছে বিজেপির দক্ষিণ কলকাতার প্রার্থী চন্দ্র কুমার বসুকে৷ কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিতীশ প্রামাণিককে নিয়ে অসন্তোষ মাত্রা ছাড়িয়েছে৷ মালদহ উত্তরে খগেন মুর্মকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যে বিজেপির অন্দরে অশান্তি দেখা গিয়েছে। নীচুতলার কর্মীদের ক্ষোভ বেড়েছে।

হুগলীতে প্রার্থী হতে চেয়েছিলেন রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি রাজকমল পাঠক৷ কিন্তু প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন৷ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজকমলবাবু৷ তবে শেষপর্যন্ত রাজ্য বিজেপির অন্যান্য কার্যকর্তারা তাঁকে বোঝাতে সমর্থ হয়েছেন৷ পার্টি সূত্রে যা খবর, রাজকমলবাবু বিজেপি না ছাড়লেও দলের কোনও কর্মসূচীতে অংশগ্রহণ করতে চাইছেন না৷

কোচবিহারের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর উত্তেজিত কিছু বিজেপি সমর্থক পার্টি অফিস ভাঙচূক করেছেন৷ প্রার্থী নিতীশ প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সোশ্যাল মিডিয়ার প্রচারিত হতে শুরু করেছে৷ শুধু বিরোধীরাই নয়, বিজেপির কোচবিহারের সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় ওই ধরণের পোস্ট করছেন কিংবহা পোস্ট শেয়ার করছেন৷ উত্তর ২৪ পরগণার বসিরহাটের প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধেও একই ধরণের প্রচার শুরু হয়েছে৷ অভিযোগ এলাকাভিত্তিক প্রচার করেছে বিজেপির কিছু কর্মীই৷

যদিও বসিরহাটে তাঁর বিরুদ্ধে কোনও প্রচার নেই বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন৷ সায়ন্তনের বক্তব্য, ‘‘একটা বড় রাজনৈতিক দলে নির্বাচন ঘোষণা হওয়ার পর এই ঘটনা ঘটতে পারে৷ ২০০৯ সালে আমি পুরুলিয়াতে লড়াই করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলাম৷ কিন্তু পরে সব ঠিক যায়৷ বিজেপি কর্মীরা এক হয়েই দলের জন্য লড়াই করবে৷’’ তবে ইতিমধ্যেই খবর, দ্বিতীয় তালিকা বের হওয়ার আগে দলের অসন্তোষ ঢাকতে তৎপর হয়েছে নেতৃত্ব৷

The post প্রার্থী অপছন্দ, রাগে ফুটছে বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CrHcDZ
via IFTTT

Comments