বিজেপি কর্মীদের মারতে যাওয়া অর্জুন আগেও এনডিএ প্রার্থী ছিলেন
সৌমেন শীল, বারাকপুর: বছর তিনেক আগের কথা৷ সেদিন মুখে অশ্লীল কিছু শব্দের ফুলঝুরি ছুটছিল৷ বিশাল শরীরটা নিয়ে বড় রাস্তা ধরে তিনি তেড়ে যাচ্ছিল৷ পিছনে দৌড়চ্ছিল পুলিশ৷ আর বাহুবলী সেই তৃণমূলী নেতাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন সবাই৷ বিজেপি কর্মীদের মারতে যাওয়া সেদিনের অর্জুন সিং এখন দলত্যাগ করে বিজেপিতেই৷ তাঁকে ভোট বৈতরণী পার করতে ফের একবার নেমে পড়েছেন বিজেপি কর্মীরা!
আরও পড়ুন- অর্জুনের হাত ধরে বিজেপিতে নাম লেখালেন নৈহাটির তৃণমূল কাউন্সিলর

২০১৬ সালে জয় শ্রী রাম ধ্বনি শুনে অশ্লীল শব্দ সহযোগে তেড়ে যাওয়া অর্জুন সিং-কে দলের সহযোদ্ধা ভাবাও কঠিন। এখন সেই কিনা প্রার্থী! অর্জুন প্রার্থী হলে পালটা হিন্দুত্ববাদী গোঁজ প্রার্থী দিয়ে দলীয় প্রার্থীকে হারিয়ে দেওয়ার পরিকল্পনাও করে ফেলেছিল বারাকপুরের বিজেপি নেতৃত্ব। এমনই গুঞ্জন রয়েছে৷ তবে এই কয়েকদিন আগে পর্যন্ত অর্জুন সিংয়ের রক্তচোখ দেখতে হয়েছে বারাকপুর-ভাটপাড়া এলাকার বিজেপি কর্মীদের৷ যার বিরুদ্ধে আন্দোলন করে এলাকায় জনভিত্তি করে তোলা হয়েছিল সেই অর্জুন এখন দলের নেতা। শুধু তাই নয়, তাঁকেই জিতিয়ে পাঠাতে হবে সংসদে। এই গুরু দায়িত্বটাও পড়েছে বারাকপুরের বিজেপি নেতাদের উপরে।
আর এখানেই রয়েছে ভোটের চমক৷ বিজেপির কর্মীরা ফের একবার অর্জুন সিংয়ের হয়ে ময়দানে নেমে পড়েছেন৷ আগেও এনডিএ প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলেন ভাটপাড়ার ‘বাহুবলী’ অর্জুন সিং৷ সেবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে জোট হয়েছিল৷ সেদিনও অর্জুন সিংয়ের হয়ে বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলে স্লোগান দিয়েছিলেন৷ ২০০৪ সালে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন। তবে ভরা বাম আমল থাকায় সেবার আর জেতা হয়নি৷ আসনটি গিয়েছিল সিপিএমের তখনকার দাপুটে সাংসদ তড়িৎ তোপদারের অনুকূলেই৷

দেড় দশক পর আবারও এনডিএ প্রার্থী অর্জুন৷ বিজেপির নিচুতলার কর্মীদের কাছে ‘ভয়ঙ্কর’ অর্জুন সিং নতুন কিছু নয়। তাঁর জন্য ভোটের ময়দানে লড়াই করার মধ্যেও অস্বাভাবিক কিছু নয়। মুকুল রায়ের হাত ধরে মমতাকে ছেড়ে বিজেপি হয়ে যাওয়া অর্জুন সিংকে ঘিরে চাপা অসন্তোষ রয়েছে এলাকারই বিজেপি সংগঠকদের মধ্যে৷ তবে সেটা প্রকাশ্যে আসেনি৷ অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী হওয়া নিয়ে কোচবিহার, মালদহ, কৃষ্ণনগর, হুগলি সহ কয়েকটি কেন্দ্রে নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এক্ষেত্রে কিছুটা হলেও ব্যতিক্রম বারাকপুর।
যদিও প্রথম থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে গিয়েছেন খোদ অর্জুন। প্রথমেই নতুন দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার দ্বারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে যা অন্যায় হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” বিজেপিতে যোগ দেওয়ার পরে এই একই কথা সব সভাতেই বলে থাকেন অর্জুন। একই সঙ্গে বক্তব্যের শেষে শ্লোগান দেন, “জয় শ্রীরাম”। যা ক্ষতে প্রলেপের মত কাজ করছে কর্মীদের।

প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা গতবারের সাংসদ ও প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীও হেভিওয়েট৷ লড়াইয়ে রয়েছেন সিপিএমের জনপ্রিয় মহিলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায়৷ তাই লড়াইটা জমজমাট৷ এসবের মধ্যেও যাবতীয় জল্পনা ‘বাহুবলী অর্জুনকে নিয়েই৷

The post বিজেপি কর্মীদের মারতে যাওয়া অর্জুন আগেও এনডিএ প্রার্থী ছিলেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HD9dN5
via IFTTT
Comments
Post a Comment