ঢোকা বারণ সৌমিত্রের, প্রার্থী ছাড়াই প্রচারে বিজেপি নেতা-কর্মীরা
তিমিরকান্তি পতি (বাঁকুড়া): প্রত্যাশিতভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুর (তফঃ) লোকসভা কেন্দ্রে সদ্য তৃণমূলত্যাগী সাংসদ সৌমিত্র খাঁকে প্রার্থী করেছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে তাঁর জেলায় ঢোকা বারণ। সেকারণে প্রার্থী ছাড়াই জোরদার প্রচারের কাজ শুরু করে দিলেন বিজেপি নেতা কর্মীরা।
দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি জোরকদমে চলছে দেওয়াল লিখন। হাইকোর্টের নির্দেশ পেয়ে কবে প্রার্থী জেলায় ঢুকতে পারবেন সে বিষয়ে কোন নিশ্চয়তা নেই। তাই প্রার্থীকে ছাড়াই এই মুহূর্তে দিন রাত এক করে শাসক তৃণমূলকে প্রচারে টেক্কা দেওয়াই এখন বিজেপি নেতৃত্বের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে কোতুলপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন সৌমিত্র খাঁ।

পরে ২০১৪ সালের লোকসভা ভোটের আগে ‘দলবদল’ করে তিনি তৃণমূলে যোগ দেন। বিষ্ণুপুর (তফঃ) লোকসভা কেন্দ্র থেকে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দিতা করে সংসদে যাওয়ার ছাড়পত্র আদায় করে নেন। কিছু দিন দলের রাজ্য যুব সভাপতির দায়িত্বত সামলান। ফের ২০১৯ এ আবার ‘দলবদল’ সৌমিত্রের। এবার তিনি পদ্ম শিবিরে নাম লিখিয়ে নিজের পূরাণো লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করার সুযোগ তৈরী করে নেন।
কিন্তু এই মুহূর্তে যেখানে শাসক তৃণমূল ও বিরোধী সিপিএম প্রার্থীরা পুরো এলাকা চষে বেড়াচ্ছেন, ঠিক তখন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ নিজে তাঁর লোকসভা কেন্দ্রের একটা বড় অংশে পা রাখার সুযোগই পাচ্ছেননা। কবে সেই সুযোগ আসবে সেটাই এখন বিজেপি নেতৃত্ব এমনকি স্বয়ং প্রার্থী সৌমিত্র খাঁর কাছে কোটি টাকার প্রশ্ন। তাই এই মুহূর্তে এতো টুকুও সময় নষ্ট করতে রাজী নন বিজেপি নেতৃত্ব। চলছে দেওয়াল লিখন। চলছে বাড়ি বাড়ি প্রচার।

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাখা বলেন, আমাদের দলের প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁ এর নাম ঘোষণা করা হয়েছে। তিনি এলাকায় পরিচিত মুখ। এই মুহূর্তে আমাদের দলের তরফে দেওয়াল লিখন চলছে। প্রার্থী জেলায় এলেই তাঁকে নিয়ে প্রচার কর্মসূচী চলবে। সৌমিত্র খাঁ এর জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী এই বিজেপি নেতা বলেন, এখানে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। মানুষ হাত খুলে বিজেপিকে ভোট দেবেন। তাঁর জয় কেবল সময়ের অপেক্ষা মাত্র।

The post ঢোকা বারণ সৌমিত্রের, প্রার্থী ছাড়াই প্রচারে বিজেপি নেতা-কর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HASwSu
via IFTTT
Comments
Post a Comment