টেস্ট সিরিজে অজি দলে একাধিক নতুন মুখ

সিডনি: কিছুটা ব্যাকফুটে থেকেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু করেছিল অজিরা। তবে প্রথম টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে ভারতকে টেক্কা দিয়ে ৪ রানে জয় তুলে নিয়েছে তারা। সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় স্বভাবতই আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে অজি শিবিরে। সিরিজের প্রথম জয়ের পরদিনই আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত হয়ে গেল ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অজি স্কোয়াডে দুই নতুন মুখের ভিড়। দলে জায়গা করে নিলেন বছর ছাব্বিশের ওপেনিং ব্যাটসম্যান মার্কাস হ্যারিস এবং ফাস্ট বোলার ক্রিস ট্রিমেন। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। আপাতত প্রথম দুই টেস্টের জন্য বৃহস্পতিবার ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

গত দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলতে না হলেও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছিল ক্যাঙ্গারুবাহিনীর। সংযুক্ত আরব আমিরশাহীর মাটি থেকে টেস্ট সিরিজ হেরেই ফিরতে হয়েছিল ব্যাগি গ্রীণদের। তাই ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পয়লা নম্বর টিমের বিরুদ্ধে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করবে তারা। তাঁর কারণ অবশ্যই স্যান্ডপেপার গেট কান্ডের জেরে দলের দুই প্রধান স্তম্ভ স্মিথ-ওয়ার্নারের না থাকা।

বল বিকৃতি কান্ডের মত চরম ঘটনার আবহ থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি অস্ট্রেলিয়া ক্রিকেট। তাই বিরাটদের বিরুদ্ধে হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে স্মিথ-ওয়ার্নারকে ফেরাতে উদ্যোগী হয় অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে তা নাকচ করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয় মেয়াদ শেষ হবে যথাসময়েই। সুতরাং, ব্যাটিং লাইন আপের দুই স্তম্ভকে ছাড়াই এদিন টেস্ট সিরিজের দল ঘোষণা করল সেদেশের ক্রিকেট বোর্ড।

হ্যারিস এবং ট্রিমেন ছাড়া দলে তেমন কোনও চমক নেই। চোট সারিয়ে দলে ফিরেছেন বাঁ-হাতি ওপেনার উসমান খোয়াজা। সম্প্রতি শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ সিরিজে দলে জায়গা করে নিলেন হ্যারিস। অন্যদিকে বল হাতে শেফিল্ড শিল্ডে কার্যকরী হয়ে উঠেছিলেন ট্রিমেনও। তাই ভিক্টোরিয়া সতীর্থের সাথে জাতীয় দলেও একসঙ্গে জায়গা করে নিলেন তিনি।

ট্রিমেনের পাশাপাশি দলে মূল পেস অ্যাটাকের দায়িত্ব থাকছে মিচেল স্টার্ক, পিটার সিডল, প্যাট কামিন্স এবং জোশ হ্যাজেলউডের উপর। একমাত্র স্পিনার হিসেবে স্পিন বিভাগের দায়িত্ব থাকছে ন্যাথান লিয়ঁ’র উপর।

একনজরে ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল:
টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, উসমান খোয়াজা, মার্কাস হ্যারিস, মিচেল মার্শ, শন মার্শ, জোশ হ্যাজেলউড, পিটার সিডল, ন্যাথান লিয়ঁ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্রিস ট্রিমেন।

The post টেস্ট সিরিজে অজি দলে একাধিক নতুন মুখ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OV0t3Z
via IFTTT

Comments