সাম্বার জয়েও চিন্তা বাড়ালেন নেইমার

লন্ডন: ম্যাচের সাত মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক নেইমার। যদিও ম্যাচের শুরুতে নেইমারের মাঠের বাইরে চলে যাওয়া বাধা হল না ব্রাজিলের জয়ে। নেইমারের পরিবর্তে মাঠে নামা রিচার্লিসন হয়ে উঠলেন সুপার সাব। বুধবার ফিফা ফ্রেন্ডলিতে রিচার্লিসনের করা একমাত্র গোলেই ক্যামেরুনকে হারাল সাম্বার দেশ। তবে ব্রাজিলের জয়ে অবশ্যই চিন্তা বাড়াল নেইমারের চোট।

মিলটন কেইনেসে এদিন প্রথমার্ধের সাত মিনিটে ঊরুর চোটে মাঠ ছাড়েন নেইমার দি স্যান্টোস জুনিয়র। নেইমার মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই প্রভাব পড়ে ব্রাজিলের খেলায়। ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে কিছুটা সময় নেয় সেলেকাওরা। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিটি আগেই সুপার সাব রিচার্লিসন কাঙ্খিত গোলটি এনে দেন ব্রাজিলকে। দুরন্ত হেডারে ব্রাজিলকে লিড দেন তিনি।

বিরতির পর গ্যাব্রিয়েল জেসুস নামতেই আক্রমণে শক্তি বাড়ে ব্রাজিলের। ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বিস্তার করে নেয় তাঁরা। ৫৩ মিনিটে পোস্ট বাধা না হয়ে দাঁড়ালে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে নিতে পারতেন জেসুস। বক্সের বাইরে থেকে তাঁর দুরন্ত শট ততোধিক দক্ষতায় রুখে দেন বিপক্ষ গোলরক্ষক। জোড়া গোলের সুযোগ চলে এসেছিল অ্যালানের কাছেও। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয়ার্ধে আর গোলমুখ না খুলতে পারায় নামমাত্র গোলেই জয়ী হয় ব্রাজিল।

এই জয়ের ফলে বিশ্বকাপ পরবর্তী ছয় ম্যাচের প্রত্যেকটিই ক্লিনশিট রেখে জয়ী হল ব্রাজিল। অন্যদিকে ম্যাচের মাঝে নেইমারের চোট শঙ্কা বাড়ালেও পিএসজি স্ট্রাইকারের চোট তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। টিম ডাক্তার রড্রিগো লাসমারের কথায় চোটের গুরুত্ব বোঝার জন্য স্ক্যানের প্রয়োজন ছিল। তবে স্ক্যানের রিপোর্টে চোট ততটা গুরুতর নয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নিজের চোট নিয়ে অনুরাগীদের আশ্বস্ত করেছেন নেইমারও। ইনস্টাগ্রামে নেইমার লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ। চোট তেমন গুরুতর নয়।’

অপর ফিফা ফ্রেন্ডলিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্লাব ফুটবলে নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপে। ফ্রান্স-ঊরুগুয়ে ম্যাচের ৩৬ মিনিটে বিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মাঠে পড়ে যান তিনি। কাঁধে চোট পাওয়ার ‘ওয়ান্ডার কিড’কে তুলে নেন দেশঁ। তবে ফ্রান্সের জয়ও আটকায়নি তাতে। স্পটকিক থেকে অলিভিয়ের জিরুডের করা একমাত্র গোলে ঊরুগুয়েকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের মতই এমবাবাপের চোটও দীর্ঘমেয়াদী নয় বলেই জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ।

The post সাম্বার জয়েও চিন্তা বাড়ালেন নেইমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Bqd23X
via IFTTT

Comments