লঙ্গরখানার লাইন থেকে ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’
অরুণাভ রাহারায়: চটকল মজদুরের ছেলে এস এস আলম একসময় থাকতেন পূর্ব মেদিনীপুরের দাসপুরে। সেখান থেকেই দারিদ্রকে সঙ্গী করে জীবনের পথ চলা। একবেলা রুটি জুটলে অন্য বেলা দাঁড়াতে হত লঙ্গরখানায়। সেই সুদীর্ঘ লাইন এগোতে এগোতে একসময় খাবার শেষ হয়ে যেত।
উপোসী অবস্থায় একদিন তাঁর মধ্যে প্রশ্ন জাগে “আমার তো সব আছে, যা প্রত্যেক মানুষের মধ্যে থাকে। আমি কেন লঙ্গরখানায়? কাজ করে খাব”। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আলম হেঁটে যান অনেকটা পথ। আজ তিনি সফল স্বর্ণ ব্যবসায়ী। কলকাতার সিঁথির মোড়ে নিজের চেষ্টায় তিল তিন করে গড়ে তুলছেন জুয়েলারি পার্ক। ২৫০ কোটি টাকার প্রজেক্টের সম্ভাব্য নাম ‘স্বর্ণশিল্পী’।
গরীব এস এস আলমের পথ চলা অবশ্যই মসৃণ ছিল না। একের পর এক খানাখন্দ পেরিয়ে তাঁকে উঠতে হয়েছে পাহাড়ের শীর্ষে। এখন তিনি চেন্নাইবাসী। গত তিরিশ বছর ধরে তিনি চেন্নাই শহরে করে আসছেন সোনার ব্যবসা। এখন কলকাতার যে কোনও স্বর্ণ বিপণীতে তাঁর কোম্পানির গয়না পাওয়া যায়। অথচ এই আশ্চর্য মানুষটার জীবনে যখন নেমে এসেছিল ঘোর অন্ধকার তখন তাঁর পড়াশোনা চালানোর সাধ্য ছিল না।
কষ্ট করে সফল ব্যবসায়ী হয়ে উঠলেও তিনি নিজের বিবেক হারিয়ে ফেলেননি। যুক্ত থেকেছেন নানা সামাজিক কাজকর্মে। বছর দুয়েক আগে ঘাটালের (এখন ঝাড়গ্রাম জেলার অংশ) ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষের পাশে দাঁড়িয়েছিল তাঁর নামাঙ্কিত আলম চ্যারিটেবল ট্রাস্ট (ACT)। অনেকটা পথ পেরিয়ে এসে এবার তিনি নিজের জীবন কাহিনী নিয়ে লিখে ফেললেন আস্ত একটা বই। ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’। বইটিকে উপন্যাস হিসেবেই চিহ্নিত করা যায়।

শনিবার দুপুর তিনটায় বাংলা আকাদেমি সভাঘরে উদ্বোধন হল বইটি। ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’ বই প্রকাশ করেছে কলকাতার অভিযান প্রকাশনা। আর প্রকাশক মারুফ হোসেন kolata24x7.com-কে বলেন “বিগত এক দশকের বেশি সময় ধরে নানা বই প্রকাশ করেছি। কিন্তু ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’ প্রকাশ করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। বইটি প্রকাশ করতে পেরে আমি গর্বিত। এই বই বাংলাদেশের পাঠকদের জন্য ঢাকার ‘কবি’ প্রকাশনা থেকে আগামী দিনে প্রকাশ পাবে।”
শনিবার ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’ প্রকাশ উপলক্ষে চাঁদের হাট বসে আকাদেমি সভাঘরে। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ইমরান আহমেদ। শিল্পসাহিত্য জগতের অনেককেই এই অনুষ্ঠানে উজ্জ্বল ভাবে অংশ নিতে দেখা যায়। ছিলেন কবি সুবোধ সরকার, জাহিরুল হাসান, প্রচেত গুপ্ত, শামিম আহমেদ, ক্যাকটাস খ্যাত সিধু এবং আরও অনেকে। একই মঞ্চে এস এস আলমের কবিতার বই ‘মনের কথা’ প্রকাশ পায়।
The post লঙ্গরখানার লাইন থেকে ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r3cSt2
via IFTTT
Comments
Post a Comment