দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদ, জেলা জুড়ে অবরোধ বিজেপির
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া ও হুগলি: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলীয় নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার বড়জোড়ায় বিজেপির পক্ষ থেকে মিছিল ও স্থানীয় চৌরাস্তার মোড়ে পথ অবরোধ করা হয়। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপরে এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বেশ কিছু বিজেপি নেতা-কর্মীর উপস্থিতিতে এই অবরোধে গুরুত্বপূর্ণ এই রাস্তায় সপ্তাহের প্রথম কাজের দিনে অসংখ্য বাস-লরি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। অসুবিধায় পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ৷ পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়৷

উল্লেখ্য, রবিবার হুগলির চণ্ডীতলায় সভা ছিল রাজ্য বিজেপির সভাপতির৷ সেই সভা সেরে ফেরার পথে আক্রান্ত হন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির দাবি, দিলীপ ঘোষের সঙ্গে নিরাপত্তা রক্ষী থাকায় হামলার হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছেন তিনি। অভিযোগ, শেষে জয় বন্দ্যোপাধ্যায়কেই হামলার মুখে পড়তে হয়। এই ঘটনার প্রতিবাদে বড়জোড়াতে পথ অবরোধ করে বিজেপি৷

বিজেপি নেতা সুজিত অগস্তি বলেন, ‘‘যেভাবে আমাদের দলের সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল গুণ্ডাবাহিনী আক্রমণ করে গাড়ি ভাঙচুর করেছে তার প্রতিবাদেই এই পথ অবরোধ৷ দিনের পর দিন রাজ্যের শাসক দল গায়ের জোরে যেভাবে সাধারণ মানুষ ও বিরোধী দলের বাক শক্তি হরণ করতে চাইছে তা মেনে নেওয়া যায় না।’’ গণতন্ত্র রক্ষায় বিজেপি ধারাবাহিক লড়াই আন্দোলন চালিয়ে যাবে বলেও এই বিজেপি নেতা দাবি করেছেন৷

অন্যদিকে, একই কারণে হুগলি জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সুরেশ সাউ-এর নেতৃত্বে সোমবার সকল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চুঁচুড়ার শরৎ সরণী মোড়ে পথ অবরোধ করা হয়। এই অবরোধের জেরে ব্যহত হয়ে পড়ে যান চলাচল৷ পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে যায়৷
The post দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদ, জেলা জুড়ে অবরোধ বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QUvfvN
via IFTTT
Comments
Post a Comment