স্কুলের ব্যাগের ওজন আর হোমওয়ার্কের নিয়ম বেঁধে দিল কেন্দ্র
নয়াদিল্লি: স্কুলের ব্যাগ সত্যিই ভীষণ ভারি। চাপ বাড়ছে শিরদাঁড়ায়। আর হোমওয়ার্কের চাপে মানসিকভাবেও ভারাক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। এবার তাই স্কুলের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সিদ্ধান্ত, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনও ‘হোম-ওয়ার্ক’ করতে হবে না। একইসঙ্গে কোন শ্রেণির পড়ুয়াদের স্কুলব্যাগের ওজন সর্বাধিক কত হবে সেটাও বেঁধে দিল কেন্দ্র।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যাগের ওজন কোনোমতেই দেড় কেজির বেশি হবে না। দশম শ্রেণিতে ব্যাগের ওজন হবে সর্বাধিক পাঁচ কিলোগ্রাম। সব স্কুলকে যথাযথ ভাবে এই নির্দেশ পালন করতে বলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুকে বলা হয়েছে, পঠনপাঠন ও স্কুলব্যাগের ওজন সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা যথাযথ ভাবে পালন করতে হবে। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি-র সুপারিশ অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও রকম ‘হোম-ওয়ার্ক’ বা বাড়ি থেকে তৈরি করে আনার জন্য কোনও পাঠ দেওয়া যাবে না। শুধু তা-ই নয়, ওই দুই শ্রেণিতে ভাষা ও গণিত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভাষা, গণিত ও পরিবেশবিদ্যা ছাড়া অন্য কোনও বিষয় পড়াতে পারবে না স্কুল। এমনকি ছেলেমেয়েদের বাড়তি বই আনতেও বলা যাবে না।
ভারি স্কুলের ব্যাগ থেকেই নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে শিশুদের। চিকিৎসকরা জানাচ্ছেন, এর ফলে নার্ভাস সিস্টেমে প্রভাব পড়ছে। পাশাপাশি, হাড়ের গঠনও হচ্ছে না সঠিকভাবে।
The post স্কুলের ব্যাগের ওজন আর হোমওয়ার্কের নিয়ম বেঁধে দিল কেন্দ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KB95MO
via IFTTT
Comments
Post a Comment