অধীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার

স্টাফ রিপোর্টার, বহরমপুর: ফের মুর্শিদাবাদে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল৷ অভিযোগ, রঘুনাথগঞ্জে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের অনুগামীকে প্রাণে মেরে ফেলার জন্য বোমা ছোঁড়ে স্থানীয় প্রধান সহ গরু পাচারকারীরা৷

স্থানীয়দের অভিযোগ, রঘুনাথগঞ্জ থানা এলাকার সুজাপুর চৌরাস্তা মোড় এলাকার বাসিন্দা দুলু শেখ৷ সে মন্ত্রী জাকির হোসেন ও রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে৷ আর এই ঘটনার কারণেই এলাকার কিছু দুষ্কৃতী তাকে নিশানা করে বলে অভিযোগ৷

সোমবার রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে বাড়ির পাশেই গল্প করছিল দুলু শেখ৷ অভিযোগ, সেই সময় দু’টি বাইকে করে দুষ্কৃতীরা এসে তাকে বলে, ‘শুধু মন্ত্রীর উন্নয়নের ছবি নয়, তাকে স্থানীয় তৃণমূল কংগ্রেস ও সোনার বাংলার প্রচার করতে হবে’৷ আর এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে লক্ষ করে দুষ্কৃতীরা পর পর দু’টি বোমা ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করে৷

এদিন হাসপাতালে বসে দুলু শেখ জানান, তাকে প্রাণে মারতে বোমা ছোঁড়ে স্থানীয় অঞ্চল প্রধান মঞ্জুর শেখ ছাড়াও সোনার বাংলা হোটেলের মালিক ও সরিফুল ইসলামের অনুগামীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্রমশ বেড়ে চলেছে উত্তেজনার পারদ৷ ইতিমধ্যেই গোটা ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ জানিয়েছে, আক্রান্ত দুলু শেখ৷

এই প্রসঙ্গে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুলু শেখ তারই অনুগামী৷ তাই জন্যই ভয় দেখাতে একাজ করেছে দুষ্কৃতী দল৷ পুলিশকে ঘটনার কথা জানানো হলে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে৷ যদিও এই বিষয়ে অভিযুক্তদের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

The post অধীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ah7B5F
via IFTTT

Comments