প্রথমবার ‘রিয়াল’ জয়ের স্বাদ পেল আইবার, অ্যাটলেটিকো-বার্সা অমিমাংসিত

মাদ্রিদ: অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জয় এসেছিল চার ম্যাচের চারটিতেই। কিন্তু পাকাপাকিভাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই মুখ পুড়ল স্যান্তিয়াগো সোলারির। শনিবার লা লিগায় আইবারের কাছে হেরে বসল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ‘রিয়াল’ জয়ের স্বাদ পেল আইবার।

জুয়েন লোপেতেগুইয়ের প্রশিক্ষণে রিয়ালের মরশুমের শুরুটা হয়েছিল জঘন্য। ‘এল ক্লাসিকো’য় বার্সার কাছে পঞ্চবাণে বিদ্ধ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লোপেতেগুইকে বহিষ্কার করে দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় সোলারিকে। এই সময়কালে দু’টি লা লিগার ম্যাচ, একটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ এবং একটি কোপা দেল রে ম্যাচের সবকটি’তেই কোচকে জয় এনে দেন বেল, বেঞ্জেমারা। এরপরই রিয়ালের নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয় আর্জেন্তাইন সোলারির নাম।

আরও পড়ুন: নাম বদলে ওয়ার্ল্ড টি-২০ এখন টি-২০ বিশ্বকাপ

কিন্তু তাঁর প্রশিক্ষণেও প্রথম ম্যাচটা সুখের হল না রিয়ালের। বরং বলা চলে আইবারের কাছে মুখ থুবড়ে পড়তে হল গত তিনবারের ইউরোপ সেরাদের। সেইসঙ্গে লিগ টেবিলে প্রথম সারিতে যাওয়ার ক্ষেত্রে ফের ধাক্কা খেল লস ব্ল্যাঙ্কোসরা। এর আগে দশবারের সাক্ষাতে রিয়ালের কাছে ৮ বারই হারের মুখ দেখেছিল আইবার, ড্র হয়েছিল দু’টি ম্যাচ। কিন্তু শনিবার রিয়ালের ভঙ্গুর ডিফেন্স ভেঙে তাদের ৩ গোলে হারাল তারা। ১৬ মিনিট, ৫২ মিনিট এবং ৫৭ মিনিটে এদিন আইবারের হয়ে গোলগুলি করেন এসকালান্তে, এনরিচ এবং মার্টিনেজ। হারের ফলে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয়েই রইল রিয়াল।

আরও পড়ুন: সোনা জিতে বিশ্বরেকর্ড গড়লেন ‘গোল্ডেন লেডি’

লা লিগার অন্য হাইভোল্টেজ ম্যাচে অমিমাংসিত রইল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা ম্যাচ। বলা চলে দেম্বেলের নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে হার বাঁচাল বার্সেলোনা। অ্যাটলেটিকোর ঘরের মাঠে তাদের হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আরও কিছুটা এগিয়ে যাওয়ার হাতছানি ছিল কাতালান ক্লাবটির কাছে। কিন্তু ৭৭ মিনিটে দিয়েগো কোস্তার গোল সেই সম্ভাবনায় থাবা বসায়। অ্যাওয়ে ম্যাচে হারের ভ্রুকুটি গ্রাস করে ভালভের্দের ছেলেদের। শেষমেষ ৯০ মিনিটে গোল করে বার্সার মানরক্ষা করেন দেম্বেলে। এই ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আটলেটিকো মাদ্রিদ।

The post প্রথমবার ‘রিয়াল’ জয়ের স্বাদ পেল আইবার, অ্যাটলেটিকো-বার্সা অমিমাংসিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FOYkb0
via IFTTT

Comments