‘২৫ নিজে রাখ…বাকি ৭৫ দলকে দাও…’
স্টাফ রিপোর্টার, কলকাতা: তৃণমূলে ভালো পদ পাওয়ার মানদণ্ড দলকে টাকা দেওয়া৷ দলের আলমারিতে মোটা টাকা পৌঁছে দিয়েছেন যে নেতা, তিনি রসালো পদ, ভালো চেয়ার তো পাবেনই৷ এটাই তৃণমূলের নিয়ম৷ ফিরহাদ (ববি) হাকিম কলকাতার মেয়র হবেন, এমনটা ঘোষণা হবার পরেই সিপিএম-কংগ্রেস নেতারা ঘুরিয়ে বলছেন, (দিদির কাছে …) শোভনের নম্বর কমেছে৷ কারণ তিনি আর আগের মতো পার্টির আলমারি ভরাতে পারছেন না৷ লোকসভা নির্বাচনের আগে ফাঁকা আলমারি দেখতে কেউ চায় না৷ অন্যদিকে, ববির সে অসুবিধে নেই৷ সেদিক থেকে দেখতে গেলে মেয়র পদ তো ববির জন্য অপেক্ষা করছিল৷ বাংলায় টেলি-সিরিয়ালের মতোই তৈরি সে ছিল চিত্রনাট্য৷
মঙ্গলবার সবে শোভন নবান্নে মন্ত্রিত্ব ছেড়েছেন৷ বিকেলে ‘আহারে বাংলায়’ বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী৷ সেখানে তিনি বলেছিলেন, (তৃণমূলে) যতবড় তোলাবাজ, ততবড় লিডার৷ ইঙ্গিতটা স্পষ্ট৷ ইঙ্গিতটা কলকাতার নতুন মেয়রের দিকেই, তা একপ্রকার স্পষ্ট৷ শনিবার, Kolkata24x7 কে সুজন বলেন, ‘‘তৃণমূলে এটাই নিয়ম৷ দলে টাকার জোগান দিতে হবে৷ এটাই ‘এলিজিবিলিটি’৷ এটাই ‘ক্রিডেনশিয়াল৷ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে, ২৫ শতাংশ নিজেরা রাখ৷ তবে ৭৫ শতাংশ দলকে দিতে হবে৷ দূর্নীতিগ্রস্ত দলে যা হয়৷’’
শুক্রবার Kolkata24x7 কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কংগ্রেস নেতা, আইনজীবী, অরুণাভ ঘোষ ববি হাকিমের মেয়র হওয়া প্রসঙ্গে বলেন, ‘‘মমতার কেউ কাছের লোক নয়৷ যে মমতাকে টাকা দেবে সেই ওর কাছের৷ পার্টির মধ্যে এতদিন শোভন সবথেকে বেশি টাকা দিত৷ এখন ববি দিচ্ছে৷’’ তিনি আরও বলেন, ‘‘যাকে মমতা এখন এত মাথায় তুলছে সেই ফিরহাদ হাকিম ভোটে টিকিট না পেয়ে মমতার বাড়িতে ছেলেপিলে নিয়ে গিয়েছিল৷ আজ তাকেই মমতা এতগুলো দফতরের মন্ত্রী, মেয়র করে দিয়েছে৷’’
ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কথাবার্তা শুরু হয়েছে যে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই শোভনের পতনের একমাত্র কারণ নয়৷ দলের তরফে একসময় দক্ষিণ ২৪ পরগণার দায়িত্বে থাকা শোভন সে দায়িত্ব হারিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনেক আগেই৷ দক্ষিণে তাঁর এমন কিছু প্রভাব আর নেই৷ মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব দলের সভাপতি এবং ডায়মন্ড হারবারের সাংসদ৷ দক্ষিণকে তিনি নিজের পকেটেই রাখতে চান৷ সেখানে শোভনের উপস্থিতি তিনি সহ্য করছেন না বলেই দাবি পার্টি সূত্রের৷ শোভন নিজে অবশ্য এইসব প্রসঙ্গ উড়িয়ে দিচ্ছেন৷ তৃণমূলের ‘যুবরাজ’কে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘ অভিষেক আমার ছোট ভাই৷ দলের যুবর সভাপতি ৷ সাংসদ ৷ দায়িত্ব নিয়ে কাজ করছে ৷ এ সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না ৷’’ মন্তব্য না করেও যেন অনেক কথাই বলে দিচ্ছেন শোভন ৷
The post ‘২৫ নিজে রাখ…বাকি ৭৫ দলকে দাও…’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Aglj8I
via IFTTT
Comments
Post a Comment