পাত পেড়ে বিয়েবাড়ির ভোজ খেল দু:স্থ শিশুরা
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: চারিদিকে আলো, ফুলের সাজ৷ সুন্দর সুন্দর জামা কাপড় পড়ে ফুলের মতো উড়ে বেড়ানো ইতিউতি..এতদিন স্বপ্ন ছিল৷ বাইরে থেকে দেখত বিয়েবাড়ির চোখ ঝলমলে ছবি৷ কিন্তু ভেতরে ঢুকে সেই আনন্দে সামিল হওয়ার সুযোগ ছিল না৷ সাধ্যও নয়৷ তবে সুযোগ এল৷ বিয়ে বাড়ির চেনা পরিচিত ছবির সঙ্গে নিজেকেও জুড়তে পারল এই দু:স্থ শিশুরা৷ জলপাইগুড়িতে আত্মীয়-স্বজনের পাশাপাশি ৫০ জন দুঃস্থ শিশুকে পাত পেড়ে বসে খাওয়ানোর ব্যবস্থা করলেন এক নব দম্পতি৷

শহরের এক বিয়ে বাড়িতে প্রায় ৫০ জন দুঃস্থ শিশুকে পাত পেড়ে খাওয়ানোর আয়োজন করা হয়। বুধবার রাতে শহরের কামার পাড়ার একটি ভবনে নেতাজি পাড়ার সুশান্ত দাস ও রুমা দাসের বৌভাতের অনুষ্ঠান ছিল।

সেই বৌভাতের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল স্টেশন পাড়ার শিশু শ্রমিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়।

পিছিয়ে পড়া শিশুদের মুখে এদিন খাবার তুলে সুশান্তবাবু বলেন, ‘‘আমি একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। যে সব বাচ্চারা বাইরে থেকে বিয়ে বাড়ির আলো দেখে, সেই সব বাচ্চাদের সঙ্গে নিয়ে আনন্দ করলাম। এটা আমার কাছে অদ্ভুত এক অনুভূতি। এই ধরনের কাজ যে করবে সে বুঝতে পারবে বাচ্চাদের খুশি মুখ কতটা আনন্দ দিতে পারে৷’’

এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, ‘‘এত ব্যস্ততার মধ্যেও এই শিশুদের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ রাখতে চাননি সুশান্ত। এই ধরনের ঘটনা নেতাজি পাড়ায় নজির হয়ে থাকবে৷’’
The post পাত পেড়ে বিয়েবাড়ির ভোজ খেল দু:স্থ শিশুরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S4UThn
via IFTTT
Comments
Post a Comment