বিনা কারণে টিকিট বাতিল, ৪৫ হাজারি দায় আইআরসিটিসি’র

নয়াদিল্লি: এক যাত্রীকে ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আইআরসিটিসিকে দিল ক্রেতা সুরক্ষা আদালত৷ অভিযোগকারী সুশোভন গুপ্তা রায়ের মামলার পরিপ্রেক্ষিতে এই রায় আদালতের৷ অভিযোগ, যথাযথ কারণ ছাড়াই সুশোভনবাবুর তিনটি সংরক্ষিত টিকিট বাতিল করে আইআরসিটিসি৷ ফলে বাধ্য হয়ে বিমানে যাত্রা করতে হয় তাঁকে৷ আইআরসিটিসির এই গাফিলতির বিরুদ্ধে তিনি অভিযোগ জানান ক্রেতা সুরক্ষা আদালতে৷ যার পরিপ্রেক্ষিতে এই রায়৷

আরও পড়ুন: দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর নাতির সম্পত্তিই ১৮ কোটির

জানা গিয়েছে, শিয়ালদহ থেকে দিল্লির তিনটি টিকিট কেটেছিলেন সুশোভন বাবু৷ কিন্তু যাত্রার দিন তিনি আইআরসিটিসি’র তরফে একটি ইমেল পান৷ তখনই তাঁর তিনটি সংরক্ষিত টিকিট বাতিলের কথা জানতে পারেন৷ পরে রেলের অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন জনৈক রোহিত শর্মা নামে এক ব্যক্তির অনুরোধে আইআরসিটিসি তাঁর সংরক্ষিত টিকিট বাতিল করেছে৷ অথচ এই রোহিত শর্মাকে সুশোভনবাবু চেনেন পর্যন্ত না৷ আইআরসিটিস’র এই গাফিলতিতে চরম ক্ষুব্ধ হয়ে ক্ষতিপূরণের দাবিতে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন তিনি৷

দু’পক্ষের বয়ান শেষে আদালতের কাছে আইআরসিটিসি’র গাফিলতির দিকটি স্পষ্ট হয়ে আসে৷ আদালতের পর্যবেক্ষণ, এমন কেসে শুধুমাত্র টিকিটের টাকা ফেরত পেয়ে যাওয়াটা যথাযথ নয়৷ সুশোভন গুপ্তা রায় নিজে থেকে ট্রেনের টিকিট বাতিল করেননি৷ কোনও এক তৃতীয় পক্ষের একটি ইমেলের উপর ভিত্তি করে এমন কাজ করেছে আইআরসিটিসি৷ সেই তৃতীয় পক্ষকে মামলাকারী চেনেন না৷ আইআরসিটিসির এমন গাফিলতির মাশুল হিসাবে সুশোভনবাবুর যাত্রা তো পণ্ড হলোই সেই সঙ্গে বিমানের টিকিট কাটতে হয়েছে৷ এর জন্য বাড়তি ২০ হাজার টাকা পকেট থেকে দিতে হয়েছে৷

আরও পড়ুন: ভারতের হোয়াটসঅ্যাপের মাথায় বসলেন এক বাঙালি

যদিও আইআরসিটিসির দাবি, তাদের তরফে সংরক্ষিত টিকিটের ৩৪৫০ টাকা ফেরত দেওয়া হয়েছে৷ কিন্তু আদালত জানিয়েছে, এটা যথেষ্ট নয়৷ ওই যাত্রীর যে মানসিক হেনস্থা হয়েছে তার ক্ষতিপূরণ কে করবে? তাছাড়া আইআরসিটিসি’র ভুলের জন্য বিমানের টিকিট কাটতেও অর্থ ব্যয় হয়েছে৷ সেটাও একটা আর্থিক ক্ষতি৷

The post বিনা কারণে টিকিট বাতিল, ৪৫ হাজারি দায় আইআরসিটিসি’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S231iO
via IFTTT

Comments