ঠিক সময়ে কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে: রাজ্যপাল
শ্রীনগর: বিধানসভা ভেঙে দেওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক৷ জানান, একেবারে সঠিক সময়ে কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার মতো অবস্থায় নেই৷ পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছিল৷ তাই এই সিদ্ধান্ত৷
বুধবার বিধানসভা ভেঙে দেওয়ার পর থেকেই রাজ্যপাল সত্যপাল মালিকের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷ যেদিন পিডিপি-ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানায় সেই দিন জানা যায় পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোনও সরকার গড়ার দাবি জানিয়েছেন৷ এই সাজ্জাদ লোনের পিছনে রয়েছে বিজেপি৷ বিরোধীদের মূল প্রশ্ন, গত পাঁচ মাস ধরে বিধানসভা ভেঙে দেওয়ার দাবি জানানো হচ্ছিল৷ অথচ এক রাতের মধ্যে এই সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল৷ কেন এই সময়কে তিনি বেছে নিলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিরোধীরা৷
আরও পড়ুন: কংগ্রেস জোটে গিয়ে কুর্সির কাঁটা সরাতে চান মেহবুবা
জবাব দিতে বৃহস্পতিবার মুখ খোলেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ কেন তিনি আগে এই সিদ্ধান্ত নেননি তার সাফাই দিতে গিয়ে বলেন, ‘‘তখন বিধানসভা ভেঙে দেওয়ার প্রয়োজন মনে হয়নি৷ রাজ্যে গণতন্ত্র বজায় রেখেই কাজ করা হচ্ছিল৷ বিধায়ক তহবিলে টাকা জমা পড়ছিল৷ কিন্তু যখন দেখলাম বিপদ ঘনিয়ে আসছে তখন বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলাম৷’’ রাজ্যপালের অভিযোগ, তাঁর কাছে খবর আসছিল যে দু’পক্ষই ঘোড়া কেনাবেচা করছে৷ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল৷

অপরদিক সরকার গঠনের দাবি জানানো নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ ট্যুইট করে তিনি অভিযোগ করেন, রাজভবনে ফ্যাক্স মেশিন কাজ করছে না৷ তাই তিনি চিঠি পাঠাতে পারছেন না৷ জবাবে রাজ্যপাল জানান, ওই দিন ইদ ছিল৷ রাজভবনে তাঁকে খাবার দেওয়ার মতো লোকও ছিল না৷ পরেই সত্যপাল মালিকের সংযোজন, ফ্যাক্স পেলেও তখনও তাঁর সিদ্ধান্ত এটাই হতো৷
এদিকে রাজ্যপালের এই দাবি বিরোধীদের ধোপে টেকেনি৷ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার পাল্টা খোঁচা, যদি সেদিন রাজভবনে এতই লোকের অভাব ছিল তাহলে বিধানসভা ভেঙে দেওয়ার চিঠিটি কে টাইপ করেছে? আমরাও ইদ পালন করেছি৷ কিন্তু আমাদের বাড়িতে লোক ছিল৷
The post ঠিক সময়ে কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে: রাজ্যপাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DSe0bG
via IFTTT
Comments
Post a Comment