তৃণমূলের বিশাল ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তেজনা হাওড়ায়

স্টাফ রিপোর্টার, হাওড়া : রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের বিশালাকার দু’টি ফ্লেক্স ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে সোমবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার লিলুয়ায় চকপাড়া আনন্দনগর অঞ্চলে। রবিবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়।

পরপর দু’টি ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দক্ষিণ চকপাড়া মিলনী মোড়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়ের একটি ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। এর কিছুটা দূরেই স্থানীয় একটি চায়ের দোকানের সামনেও ওই রকমই আরেকটি বড় ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে বিষয়টি নজরে এলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করেছে। শারদীয়া, দীপাবলী, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো সহ বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে ওই ফ্লেক্স লাগানো হয়েছিল।

ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, “দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। আমরা সকালে বিষয়টি জানার পরই লিলুয়া থানায় এফআইআর করি। দলের সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়কে গোটা বিষয়টি জানানো হয়েছে। আমাদের দাবি, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের অবিলম্বে গ্রেফতার করুক।”

পাশাপাশি এদিন ঘটনাস্থলে আসেন চকপাড়া আনন্দনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ এদিন সকালে ঘটনাস্থলে আসে। কে বা কারা রাতের অন্ধকারে এ কাজ করেছে এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

The post তৃণমূলের বিশাল ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তেজনা হাওড়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zmz7ig
via IFTTT

Comments