রাজ্য জুড়ে মেলা আর্থিক ভিত্তির মজবুতি বাড়াছে : মলয় ঘটক

স্টাফ রিপোর্টার, বর্ধমান: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মেলার গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ এই মেলা গ্রামীণ মানুষের রুটি রুজির যোগান দিচ্ছে৷ অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে৷ অথচ রাজ্য সরকারের এই উদ্যোগকে বার বার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।

বর্ধমানের শাঁখারীপুকুর উত্সব মাঠে আয়োজিত রাজ্যে হস্তশিল্প মেলার উদ্বোধন করেন মলয় ঘটক৷ তিনি বলেন, ‘আজ থেকে ৭ বছর আগেও গ্রামের মানুষের রুটি রুজি জোগাড় করতে যে কষ্ট করতে হত তার পরিবর্তন ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের হাত ধরে গ্রামীণ অর্থনীতির পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির একটা বড় অংশ নির্ভরশীল ক্ষুদ্র ও কুটিরশিল্পের ওপর। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেই গ্রামীণ অর্থনীতিকেই চাঙ্গা করতে এই ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের উন্নতির চেষ্টা করছেন।’

এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘এই সমস্ত শিল্পীদের পরিচয়পত্র দেবার পাশাপাশি তাঁদের উত্পাদিত দ্রব্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। শিল্পীদের জন্য এখন গোটা রাজ্যে ৫০টিরও বেশি এই ধরণের হস্তশিল্পের মেলা করা হচ্ছে।’

উল্লেখ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এবং হস্তশিল্পীদের বিপননের সহযোগিতা করতে বর্ধমানের উত্সব ময়দানে শুক্রবার থেকে শুরু হল হস্তশিল্প মেলা ২০১৮। অন্যান্যদের মধ্যে এদিন হাজির ছিলেন সাংসদ সুনীল মণ্ডল,রাজ্য বিপণন দপ্তরের সচিব অমিত দত্ত, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও। এবছর প্রায় ১২০০ শিল্পী মেলায় অংশ নিয়েছেন। করা হয়েছে ৩২ টি প্যাভিলিয়ন।

এদিন স্বপন দেবনাথ জানিয়েছেন, ‘অনেকেই এই সমস্ত মেলা নিয়ে কটাক্ষ করেন। কিন্তু বাম আমলে যেখানে ১২টির বেশী এই ধরণের মেলা করতে পারেনি, সেখানে এই সরকার ৫০টিরও বেশী মেলা করেছে। কেবলমাত্র বর্ধমানেই অনুষ্ঠিত এই মেলায় ২০১৪ -১৫ সালে অংশ নিয়েছিলেন ৬৫০ জন এবং বিক্রি হয়েছিল ৩ কোটি টাকার। ২০১৫-১৬ সালে অংশ নিয়েছিলেন ৭০১ জন এবং বিক্রি হয়েছিল ৩ কোটি ৫৪ লক্ষ টাকার। ২০১৬-২০১৭ সালে অংশ নিয়েছিলেন ৭৮৫জন শিল্পী এবং বিক্রি হয়েছিল ৩ কোটি ৯২ লক্ষ টাকার। গতবছর এই মেলা হয় আসানসোলে। সেখানে ৫ কোটি টাকার বিক্রি হয়।’

The post রাজ্য জুড়ে মেলা আর্থিক ভিত্তির মজবুতি বাড়াছে : মলয় ঘটক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FFaeUJ
via IFTTT

Comments