শোভনকে মোদীর দলে আহ্বান রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা:  রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আসতে চাইলে চিন্তাভাবনা করা হবে। এমনটাই জানিয়েছেন বিজেপি’র পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। সমস্ত দফতর থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই শোভনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি তিনি কি বিজেপিতে যোগ দেবেন? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। আর সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও আগামীদিনে শোভনবাবুর রাজনৈতিক পথ কি হতে চলেছে তা নিয়ে সম্পূর্ণ স্পিকটি নট শোভন চট্টোপাধ্যায়।

সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন, ‘শোভন চট্টোপাধ্যায় পদ ছাড়লেও দল ছেড়েছেন বলে আমার জানা নেই। তবে বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক পার্টি। এখানে অনেকেই যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন। সকলের জন্যই আমাদের দরজা খোলা থাকে। শোভনবাবু যদি বিজেপি’তে যোগ দিতে চান, তাহলে আমরা চিন্তাভাবনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেব।’ রাজ্য বিজেপি সভাপতি এহেন মন্তব্য নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

যদিও রাজনৈতিকমহলের মতে, কলকাতার প্রাক্তন মেয়রের বিজেপি’তে যোগদানের জল্পনা প্রসঙ্গে এহেন মন্তব্য করে দিলীপবাবু আদতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই চাপে রাখার কৌশলই নিতে চেয়েছেন। একইসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে কলকাতার ভাবী মেয়র হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও এক হাত নিয়েছেন দিলীপবাবু। এবং এক্ষেত্রে তৃণমূলের অন্দরে বিভাজনের চেষ্টাও করেছে বিজেপি।

দলের রাজ্য সভাপতি বলেন, ‘মেয়র পদ বাছাইয়ের ক্ষেত্রে কাজের লোক নন, বরং কাছের লোককে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে ফিরহাদ হাকিমের বদলে সুব্রত মুখোপাধ্যায় অনেক বেশি সফল মেয়র হতে পারতেন। আসলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সংখ্যালঘু অসন্তোষকে দমানোর জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।’

The post শোভনকে মোদীর দলে আহ্বান রাজ্য বিজেপি সভাপতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sc5jf7
via IFTTT

Comments