ওপেনিংয়ে পৃথ্বী-বিজয়কে চাইছেন গাভাস্কর

সিডনি: টি-টোয়েন্টি সিরিজ অতীত। টেস্ট সিরিজে এবার সম্মুখসমরে দুই দল। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগের সময়টুকু নানা পারমুটেশন-কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার পালা। সেই লক্ষ্যে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ওপেনিংয়ে দৃষ্টি আকর্ষণ করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য তাঁর পছন্দের দুই ওপেনার বেছে নিলেন লিটল মাস্টার। সানি গাভাস্করের মতে, পৃথ্বী শ-মুরলী বিজয় জুটিই প্রথম টেস্টের জন্য ওপেনিংয়ে সেরা নির্বাচন হবে ভারতের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হোক কিংবা নিউজিল্যান্ডে ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ, পৃথ্বী রানের মধ্যে রয়েছেন ধারাবাহিক ভাবে। এপ্রসঙ্গে বলতে গিয়ে গাভাস্কর জানিয়েছেন, ‘শুধুমাত্র নিউজিল্যান্ডেই নয়, ঘরের মাঠে দুটি টেস্টেও পৃথ্বী ছিল তুখোড় ফর্মে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পৃথ্বীর দলে সুযোগ পাওয়া উচিৎ।’

পৃথ্বীর সঙ্গী হিসেবে রাহুল নন, বরং এক্ষেত্রে সানির সায় মুরলী বিজয়ের পক্ষেই। কিংবদন্তির কথায়, ‘রাহুল এই মুহূর্তে ফর্মে নেই। টি-টোয়েন্টি সিরিজে ৩০-৪০ করে রান করলেও তাঁর কথা ভেবে দেখা যেত। তাই আমার মতে পৃথ্বী-বিজয়ই সেরা কম্বিনেশন হবে ভারতের জন্য।’

ইংল্যান্ডে সিরিজে খারাপ পারফরম্যান্সের পরও বিজয়কে দলে নেওয়ার বিষয়ে মুম্বইকরের পর্যালোচনা, ‘বিদেশের মাটিতে বিজয় বহুদিন ধরেই ভাল ব্যাট করছে। মাঝে ইংল্যান্ড সিরিজে খারাপ ফর্মটা সাময়িক। সেটা যে কোনও ক্রিকেটারের ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার পরিবেশের জন্য ওই আদর্শ।’ এক্ষেত্রে শ’কে আক্রমণাত্মক এবং বিজয়কে দায়িত্বপূর্ণ ব্যাটিং করার ইঙ্গিত দিয়েছেন টেস্ট ক্রিকেটে ৩৪টি শতরানের মালিক।

উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়ার পর এসেক্সের হয়ে কাউন্টিতে সাড়া জাগিয়েছিলেন মুরলী। অভিষেকে অর্ধশতরানের পর নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি জয় এনে দেয় এসেক্সকে। যদিও নিউজিল্যান্ডে ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে অল্প রানেই প্যাভিলিয়নে ফিরেছেন বিজয়। তবে অর্ধশতরান এসেছে পৃথ্বীর ব্যাট থেকে।

রবিবারই শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্রিসবেনে প্রথম ম্যাচে চার রানে হার সিরিজে পিছিয়ে দেয় কোহলিব্রিগেডকে। এরপর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হলে সিডনির ম্যাচ নির্ণায়ক হয়ে দাঁড়ায় সিরিজে। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করে ‘মেন ইন ব্লু’। ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। সেইসঙ্গে প্রয়োজনীয় আত্মবিশ্বাস সংগ্রহ করেই আগামী প্রথম টেস্টে মাঠে নামবে ভারতীয় দল।

The post ওপেনিংয়ে পৃথ্বী-বিজয়কে চাইছেন গাভাস্কর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zq6ctI
via IFTTT

Comments