সাংবাদিক বুখারি খুনে জড়িত জঙ্গি খতম এনকাউন্টারে
শ্রীনগর: রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারি খুনে জড়িত জঙ্গিকে এনকাউন্টারে খতম করল নিরাপত্তা বাহিনী৷ সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ছয় লস্কর-ই-তইবা জঙ্গিকে নিকেশ করে জওয়ানরা৷ সেই ছয় জঙ্গির মধ্যে একজন বুখারি খুনে জড়িত ছিল৷ আজাদ আহমেদ মালিক ওরফে আজাদ দাদা নামে ওই জঙ্গি অনন্তনাগের আরওয়ানি গ্রামের বাসিন্দা৷
কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুখারি হত্যার পর সামনে আসে চার জঙ্গির নাম৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের ছবিও প্রকাশ্যে আনা হয়৷ তাদেরই একজন ছিল মালিক৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মোটর সাইকেলে চেপে তিন জঙ্গি পালিয়ে যাচ্ছে৷ তাদের সকলের মুখ ঢাকা ছিল৷ চতুর্থ জঙ্গি মাথায় হেলমেট পড়েছিল৷
মালিক ছাড়াও সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত অপর তিন জঙ্গি হল নাভিদ জাঠ, সজদ গুল ও মুজফফর আহমেদ৷ এদের মধ্যে নাভিদ জাঠকে পুলিশ গ্রেফতারও করেছিল৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে শ্রীনগর সেন্ট্রাল জেলে বন্দি ছিল এই পাক জঙ্গি। তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে হামলা চালায় জঙ্গিরা। তারা নাভিদের সঙ্গে থাকা দুই পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে৷ এবং পুলিশের হেফাজত থেকে নাভিদকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
তারপরই জুন মাসে রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারি খুনে নাভিদের নাম জড়ায়৷ ১৪ জুন শ্রীনগরের প্রেস কলোনিতে গাড়ির মধ্যে গুলি করে খুন করা হয় ৪৮ বয়সী বুখারিকে৷ গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর শরীর৷ বুখারির দুই নিরাপত্তা কর্মীকেও গুলি করে হত্যা করা হয়৷ সাংবাদিক হত্যায় নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে৷ তড়িঘড়ি এই হত্যার তদন্তে ডিআইজি শ্রীনগরের নেতৃত্বে সিট গঠন করা হয়৷
অপরদিকে শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের সেকিপোরায় এনকাউন্টারে খতম লস্কর জঙ্গিদের নাম পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ৷ মালিক ছাড়া বাকি জঙ্গিদের পরিচয় হল- উনেইস শাফি, শাহিদ বাসির, বাসিত ইসতিয়াক, আকিব নজর এবং ফিরদৌস নজর৷
The post সাংবাদিক বুখারি খুনে জড়িত জঙ্গি খতম এনকাউন্টারে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P13EqW
via IFTTT
Comments
Post a Comment