ফুটবলকে ‘গুডবাই’ দ্রোগবার

লন্ডন: আইভোরি কোস্টের জার্সি গায়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন প্রায় চারবছর আগে। দেশের জার্সি গায়ে ১০৪ ম্যাচে সর্বাধিক ৬৩ গোলের মালিক এরপরও চালিয়ে যাচ্ছিলেন ক্লাব স্তরের ফুটবল। এবার বুটজোড়া তুলে রেখে পাকাপাকিভাবে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন প্রাক্তন চেলসি সেন্টার ফরোয়ার্ড এবং সেইসঙ্গে পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে চার-চারটি প্রিমিয়র লিগ জয়ী দলের সদস্য দিদিয়ের দ্রোগবা।

বিশ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারে খেলেছেন অনেক ক্লাবেই। কিন্তু দ্রোগবার উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছিল চেলসির আক্রমণভাগে। শুধু প্রিমিয়র লিগ খেতাবই নয়, ২০১২ চেলসিকে ইউরোপ সেরা করার পিছনেও দ্রোগবার অবদান ছিল অপরিসীম। ক্লাব ফুটবলে দুটি স্পেলে ২৫৪টি ম্যাচে ব্লুজ জার্সি গায়ে মাঠে মাতিয়েছেন এই আইভোরি কোস্ট তারকা। ১০৪ গোল করে চেলসির সর্বকালের চতুর্থ সর্বাধিক গোলদাতা তিনি। সমগ্র ক্লাব মিলিয়ে সর্বমোট ৩৮১ ম্যাচে দ্রোগবার নামের পাশে লেখা রয়েছে ১৬৪ গোল।

১৯৯৮ ফরাসি ক্লাব লে মান্সের হয়ে ক্লাব ফুটবলে অভিষেক হয় বছর চল্লিশের এই তারকা ফুটবলারের। তবে ক্লাব ফুটবলের টপ টিয়ারে তাঁর আবির্ভাব বছর চারেক বাদে ফরাসি ক্লাব গুয়িনগ্যাম্পের হয়ে। এরপর ২০০৩ মার্সেইয়ের হয়ে খেলার পরের বছর চেলসির হয়ে ইংলিশ ফুটবলে পথ চলা শুরু করেন দ্রোগবা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অচিরেই রোমান আব্রামোভিচের ক্লাবে আক্রমণভাগে তুরুপের তাস হয়ে ওঠেন আফ্রিকার দু’বারের বর্ষসেরা এই ফুটবলার।

প্রথম মরশুমেই মোরিনহোর প্রশিক্ষণে দীর্ঘ পঞ্চাশ বছর বাদে চেলসিকে বহু প্রতীক্ষিত প্রিমিয়র লিগের স্বাদ এনে দেন দ্রোগবা। দ্রোগবার দীর্ঘ আট বছরের প্রথম স্পেলে আরও দু’বার প্রিমিয়র লিগ শিরোপা ওঠে চেলসির মাথায়। এমনকি ২০১২ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের গোলটিও আসে এই তারকা ফুটবলারের পা থেকেই।

পরের দুই মরশুমে সাংহাই শেনহুয়া এবং গালাতাসারের হয়ে খেলেন দ্রোগবা। ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপ ফুটবলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা দ্রোগবা ২০১৪ দ্বিতীয় ইনিংস শুরু করেন চেলসিতে। ফিরেই পুরনো ক্লাবকে চতুর্থবারের জন্য ইংল্যান্ড সেরা করেন দিদিয়ের। যদিও পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে তাঁর দ্বিতীয় ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি।

পরের মরশুমে কানাডার একটি ক্লাব এবং ২০১৭-১৮ মরশুমে আমেরিকার দ্বিতীয় ডিভিশন ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে চুক্তিবদ্ধ হন তিনি। বুধবার সেই ক্লাব থেকেই ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন আইভোরি কোস্টের সর্বকালের সর্বাধিক গোলদাতা। বিদায়বেলায় দ্রোগবা জানিয়েছেন, ‘দীর্ঘ ২০ বছরের ফুটবল কেরিয়ার আমাকে এতকিছু দিয়েছে, তার কিছুটা ফুটবলের স্বার্থেই পরবর্তীতে ফিরিয়ে দিতে চাই। সেটাই হবে ফুটবলকে যথার্থ সম্মান জানানোর সেরা উপায়।’

The post ফুটবলকে ‘গুডবাই’ দ্রোগবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PIMgwm
via IFTTT

Comments