বিজ্ঞাপনের দুনিয়াতেও সেরার শিরোপা নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি: সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে দু’টি পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি পালক৷ তবে এবারের রেকর্ড শুধু তাঁর একার নয়৷ তাতে অংশীদার তাঁর দল ভারতীয় জনতা পার্টিও৷
আর সেই রেকর্ড গড়তে বিজেপির দাপটে বিরোধী রাজনৈতিক দলগুলি তো উড়ে গিয়েইছে৷ একই সঙ্গে খড়কুটোর মতো হাওয়া গিয়েছে বিজ্ঞাপনী জগতের বহু নামীদামী ব্র্যান্ড৷
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে অক্টোবর থেকেই সরগরম গোটা দেশ৷ সভা-সমাবেশ-মিছিলে যেমন প্রচার চলছে, তেমনই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে টিভিতেও৷ আর সেই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সকলকে পিছনে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদীর দল৷
১৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহের বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বার্ক (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল)৷ সেই তথ্যেই জানা গিয়েছে বিজেপির কৃতিত্ব৷ বার্কের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম দশে কংগ্রেসের কোনও স্থান নেই৷ এমনকী ধারে কাছে নেই অন্য কোনও রাজনৈতিক দল৷
বিজেপির পরে দ্বিতীয় স্থানে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স৷ তৃতীয় স্থানে রয়েছে অনালাইন ভ্রমণ সংস্থা ট্রিভাগো৷ এছাড়া প্রথম দশে দেশের বড় বড় ব্যবসায়িক ব্র্যান্ডগুলি৷ তবে বিজেপির সঙ্গে বাকিদের পার্থক্য কিন্তু অনেক৷
বার্কের হিসেব অনুযায়ী, নভেম্বরের ১০ থেকে ১৬ তারিখের মধ্যে বিজেপির বিজ্ঞাপন চলেছে ২২ হাজার ৯৯ বার৷ আর দ্বিতীয় স্থানে থাকা নেটফ্লিক্সের বিজ্ঞাপন চলেছে ১২ হাজার ৯৫১ বার৷ ফলে বোঝাই পার্থক্য ঠিক কতটা৷
বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে৷ বিজেপির তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷ তবে বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে৷
The post বিজ্ঞাপনের দুনিয়াতেও সেরার শিরোপা নরেন্দ্র মোদীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Qe3mle
via IFTTT
Comments
Post a Comment