‘ভারতীয় দল রাজনীতিতে বিশ্বাস করে, হরমনপ্রীত প্রতারক’

নয়াদিল্লি: সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতেই হরমনপ্রীতের সুখের সংসারে ভাঙন। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর খোদ অধিনায়িকাকে টার্গেট করে ধেয়ে এল সমালোচনার তীর। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুরন্ত পারফর্ম করা ভারতীয় দল বিশ্বকাপ থেকে বিদায় নিতেই খলনায়িকা হরমনপ্রীত কর।

ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সেমিফাইনালে অভিজ্ঞ মিতালি রাজকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত থেকেই ঘটনার সূত্রপাত। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করা সত্ত্বেও সেমিফাইনাল থেকে কেন বাদ পড়তে হল মিতালিকে। প্রশ্নের উত্তর চেয়ে টুইটারে গর্জে উঠলেন মিতালির ম্যানেজার অনিশা গুপ্তা। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ায় দলনায়িকাকে সমালোচনায় বিদ্ধ করলেন তিনি।

একাধিক টুইটে মিতালির ম্যানেজার দাবি করেন, ‘এই ভারতীয় দল রাজিনীতিতে বিশ্বাস করে, ক্রিকেটে নয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মিতালির অভিজ্ঞ ব্যাটিং পারফরম্যান্স দেখার পরও হরমনপ্রীতের ইচ্ছেয় সেমিফাইনালে মিতালিকে ছাড়া নেমেছে দল। হরমনপ্রীত একজন প্রতারক, মিথ্যুক, অনভিজ্ঞ এবং দলের অযোগ্য ক্যাপ্টেন।’

যদিও পরে সেই টুইটগুলি মুছে ফেলা হয় এবং যে অ্যাকাউন্ট থেকে টুইটগুলি করা হয়েছিল, সেটি এই মুহূর্তে টুইটার থেকে মিসিং। তবে মিতালির ম্যানেজার পুরো বিষয়টি যে অস্বীকার করেছেন তা নয়। এবিষয়ে তাঁকে জানতে চাওয়া হলে অনিশা গুপ্তা বলেন, ‘হয়তো রাগের মাথায় যা বলার বলেছি, তবে আমার মনে হয় সঠিক সময়েই সেগুলো বেরিয়েছে। কারণ অন্যায় দেখে আমি চুপ থাকতে পারিনা। প্রত্যেকেই দেখতে পাচ্ছেন দলের মধ্যে কেমন পক্ষপাতিত্ব হয়ে চলেছে।’

উল্লেখ্য, হাঁটুর চোটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি মিতালি। তাঁর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতরান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধেও অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে যাতে আরও ফিট হয়ে মাঠে নামতে পারেন সেকারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রামে থাকেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারটি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারত সহজেই জয় তুলে নেওয়ায় উইনিং কম্বিনেশন ধরে রেখেই সেমিফাইনালে নামে হরমনপ্রীত অ্যান্ড কোং। কিন্তু সেমিফাইনালে ব্রিটিশদের কাছে নাস্তানাবুদ হতে হয় ভারতীয় দলকে।

ম্যাচ হারের পর মিতালি প্রসঙ্গে অধিনায়িকা হরমনপ্রীত জানান, ‘মিতালিকে না খেলানোর বিষয়ে কোনও দুঃখপ্রকাশ করতে চাই না। এটা কোনও ব্যক্তি সিদ্ধান্ত নয়, দলগত সিদ্ধান্ত। টুর্নামেন্টে মেয়েরা যে পারফরম্যান্স উপহার দিয়েছে তাতে আমি খুশি।’

The post ‘ভারতীয় দল রাজনীতিতে বিশ্বাস করে, হরমনপ্রীত প্রতারক’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DHhOeK
via IFTTT

Comments