পদ্মাপারে ভোট: নির্বাচনী বুথ পাহারা নিয়ে গৃহযুদ্ধের আশঙ্কা
ঢাকা: রিগিং রুখতে দুই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় কর্মীদের চাঙ্গা করতে তৎপর ৷ ইতিমধ্যে বিএনপি জানিয়েছে, ভোটকেন্দ্র পাহারায় তাদের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে৷ এবার পাল্টা হুমকি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের৷ তিনি বললেন, আসন্ন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বিএনপি নিজেদের লোকজনকে পাহারায় থাকতে বলেছে, আওয়ামী লীগও যদি একই কাজ করে তাহলে ভোট না হয়ে গৃহযুদ্ধ হবে৷
ফলে নির্বাচনের আগেই বাংলাদেশ জুড়ে তীব্র রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হতে চলেছে৷ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও অন্যতম বিরোধী বিএনপি কর্মীরা পরস্পর সংঘর্ষে জড়িয়ে যেতে পারে এমনও সম্ভাবনা তৈরি হতে চলেছে৷ যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নির্বাচন সমাপ্ত করতে সেনা বাহিনীকে নামানো হচ্ছে৷
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট যেভাবে অ্যাগ্রেসিভ টোনে কথাবার্তা বলছে, সেটা কিন্তু সংঘাতের উসকানি দিচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে ৩০০-৫০০ জন লোক রাখবে বলে জানিয়েছে৷ এর পাল্টা যদি আওয়ামী লীগ আরও ৩০০ থেকে ৫০০ জনকে বিভিন্ন কেন্দ্রে রাখে তাহলে কী হবে? ভোট হবে? না গৃহযুদ্ধ হবে? এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে ছড়াল আলোড়ন৷
একাদশতম জাতীয় নির্বাচনের আগে মনোনয়ন পত্র তোলা নিয়ে তীব্র বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল ঢাকায় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে৷ পুলিশ ও বিএনপি সমর্থকদের সেই সংঘর্ষের জ্বলন্ত ছবি দেখে নির্বাচন যে খুব একটা শান্তিপূর্ণ হবে না, তা মনে করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর এসেছে৷ কয়েকটি ক্ষেত্রে খুন পর্যন্ত হয়েছে৷ তবে সেসবই গোষ্ঠী সংঘর্ষ৷ রাজনৈতিক সংঘর্ষ যে কোনও সময়েই ছড়িয়ে পড়তে পারে এমনও আশঙ্কা প্রবল হতে শুরু করেছে৷
নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী তথা গত নির্বাচনের সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান নিয়ে চলছে বিশ্লেষণ৷ তারা কি আওয়ামী লীগ জোটের হয়েই লড়াই করবে নাকি পৃথকভাবে লড়বে তা এখনো স্পষ্ট করেননি প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ৷ তিনি ইতিমধ্যে ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন৷
নেতিবাচক রাজনীতির কারণে শক্তিহীন হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীর জঙ্গি শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চায়। নিজেদের নেতিবাচক ভাবমূর্তি আড়াল করতে দলটি ড. কামাল হোসেনকে ব্যবহার করছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তাঁদের শুধু ব্যবহার করা হচ্ছে। যেহেতু তাদের (বিএনপি) নেতৃত্ব দণ্ডিত। তাদের নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতির অভিযোগ আছে।’
The post পদ্মাপারে ভোট: নির্বাচনী বুথ পাহারা নিয়ে গৃহযুদ্ধের আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DSEbij
via IFTTT
Comments
Post a Comment