দেশের নিরাপত্তার স্বার্থে কোনও আপস নয়: মোদী সরকার

নয়াদিল্লি: অসম ইস্যুতে উত্তাল রাজ্যসভা৷ রাজ্যের নাগরিকপঞ্জীর শেষ খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ অসমবাসীর নাম বাদ পড়েছে৷ সেই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিরোধী সাংসদরা৷ এই ইস্যুতে মুলতবি প্রস্তাব আনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস৷ কিন্তু দফায় দফায় বিক্ষোভে সভা স্থগিত করে দেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ পরে ফের সভা বসলে এই ইস্যুতে সরকারকে তেড়েফুড়ে আক্রমণে নামেন বিরোধীরা৷ তবে সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের নিরাপত্তার স্বার্থে কোনও আপস করা হবে না৷

এ দিন রাজ্যসভায় কংগ্রেসের বিরোধী নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‘বৈধ ভারতীয়দের কিছুতেই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে না সরকার৷ নাগরিকপঞ্জী নিয়ে রাজনীতি বা ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করা উচিত নয়৷ এটা মানবাধিকারের প্রশ্ন৷ এর সঙ্গে হিন্দু-মুসলিমকে গুলিয়ে দিলে হবে না৷

কংগ্রেসের বিরোধীতার সুর শোনা গিয়েছে বিএসপি নেত্রী মায়াবতীর গলাতেও৷ দলিত নেত্রী বলেন,‘‘বিজেপি শাসিত অসম থেকে ৪০ লক্ষ সংখ্যালঘুর নাম নাগরিকপঞ্জীর খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷ এদেশে দীর্ঘদিন বসবাস করা স্বত্ত্বেও যদি তারা নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয় তার মানে এটা নয় তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে৷’’

অপরদিকে বিরোধীদের আক্রমণের কড়া ভাষায় জবাব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘‘রাজীব গান্ধীর সাহস ছিল না এটা করে দেখানোর৷ আমরা করে দেখিয়েছি৷’’ অমিত শাহের এই মন্তব্যের পরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা৷ তারপরই সভা মুলতবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান৷

অসম ইস্যু নিয়ে যখন জোর তরজা চলছে তখন সংসদে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ৷ তৃণমূল সাংসদ সুগত বোস কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘অপারেশন ইনসানিয়ত’ শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তৃণমূল সাংসদের এই মন্তব্যেকে দুর্ভাগ্যজনক বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজুজু৷ জানান, ভারত শরণার্থীদের প্রতি সব সময় নরম ভাব দেখিয়েছে৷ রোহিঙ্গাদের মায়ানমার ফিরিয়ে নিলে ভারত সেদেশে তাদের সবধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেবে৷

পরে এই ইস্যুতে বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানান, রোহিঙ্গারা যারা অবৈধভাবে এদেশে রয়েছেন তাদের ফিরে যেতেই হবে৷ দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না৷ সব রাজ্যকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷

The post দেশের নিরাপত্তার স্বার্থে কোনও আপস নয়: মোদী সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LHoZsA
via IFTTT

Comments