স্মৃতির সরণি বেয়ে শহরে ছুটবে দোতলা বাস

স্টাফ রিপোর্টার, কলকাতা: দোতলা বাস৷ তিলোত্তমার সেই নস্ট্যালজিয়া আবার ফিরতে চলেছে৷ এবার শহরের রাস্তায় দেখা যাবে ছাদ খোলা দোতলা বাস৷ সেই ছাদে পাতা চেয়ারে বসে আপনি ঘুরতে পারবেন ভিক্টোরিয়া, শহিদ মিনার, জাদুঘর, চিড়িয়াখানা, ইকোপার্ক৷ বুধবার বিধানসভায় এই সুখবর শোনালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

কলকাতাবাসীর সঙ্গে প্রথম দোতলা বাসের পরিচয় করায় ইংরেজরা৷ ১৯২৬ সালে শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্ত প্রথম দোতলা বাস চলে৷ আশির দশকের শেষ দিকে বাম সরকার এক সঙ্গে দুশোর বেশি ডবল-ডেকার বাস কেনে। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে যায় সেই সব বাস। তার পরেও কিছু দিন দোতলা বাসে ভ্রাম্যমাণ গ্রন্থাগার তৈরি করে স্মৃতিটুকু টিকিয়ে রাখার চেষ্টা হয়েছিল। তবে তা বেশিদিন টেকেনি।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেই কলকাতাকে তার হারিয়ে যাওয়া দোতলা বাস ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল৷ পরিবহনমন্ত্রী রচপাল সিং শহরবাসীকে সেই খবর শুনিয়েছিলেন৷ কিন্তু সাতবছর কেটে গেলেও শহরের রাস্তায় সেই ‘নস্ট্যালজিক’ বাসের দেখা আজও মেলেনি৷ তবে নতুন করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরবাসীকে আশার আলো দেখিয়েছেন৷

বুধবার বিধানসভায় তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই রাস্তায় নামতে চলেছে ডবল ডেকার বাস৷ প্রাথমিকভাবে এই বাস চালানো হবে রাজারহাট-নিউটাউনে। পরবর্তীকালে সারা শহরে চলবে এই বাস৷ মন্ত্রী আরও জানিয়েছেন খুব শীঘ্রই কলকাতা থেকে পুরুলিয়া ও তারাপীঠ মন্দির পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু হবে৷

ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে দোতলা বাস যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম। তবে পর্যটকদের শহর ঘোরানোর জন্য একমাত্র লন্ডনেই ছাদ-খোলা দোতলা বাসকে বেছে নেওয়া হয়েছে। লন্ডনের পর এ বার কলকাতায় সেই ছাদ খোলা বাস চলবে৷ ওয়াকিবহাল মহল মনে করছে, এতে মুখ্যমন্ত্রীর কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন আরও একধাপ এগোলো৷

The post স্মৃতির সরণি বেয়ে শহরে ছুটবে দোতলা বাস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LCbg5C
via IFTTT

Comments