বাদল অধিবেশনে পাশ পাস-ফেল বিল

নয়াদিল্লি: জুন মাসের প্রথমে কলকাতায় এসে মানবসম্পদ উন্নয়ণমন্ত্রী প্রকাশ জাভড়েকর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন শিক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা ফিরে আসছে৷ বাদল অধিবেশনেই শিক্ষার অধিকার আইনের সংশোধনী বিল পাশ করানো যাবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি৷ সেই মতই বুধবার লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই পাশ হল পাস-ফেল বিল৷

২০০৯ সালে সংশোধিত শিক্ষার অধিকার আইনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উঠে যায় পাস-ফেল প্রথা। চালু হয় ‘নো ডিটেনশন নীতি’৷ এই ‘নো ডিটেনশন’ নীতি প্রত্যাহার করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাস ফেল প্রথা ফিরিয়ে আনার জন্য শিক্ষার অধিকার আইনের সংশোধনী বিল পেশ করা হয়েছিল লোকসভায়৷ এই বিলটি আইনে পরিণত হলে দু’টি শ্রেণিতে অকৃতকার্য হলে তাদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়া আটকাতে পারবে রাজ্যের বিদ্যালয়গুলি৷ বুধবার লোকসভায় পাশ হয়ে গিয়েছে এই সংশোধিত বিল৷

বর্তমান শিক্ষার অধিকার আইন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনও পড়ুয়াকে কোনও একটি শ্রেণিতে আটকে রাখা যাবে না৷ অথবা, বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না৷ বাদল অধিবেশনের প্রথম দিনেই শিক্ষার অধিকার আইন (দ্বিতীয় সংশোধন), ২০১৭ পেশ করেন মানবসম্পদ উন্নয়ণমন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ এই সংশোধিত বিলে ‘নো ডিটেনশন’ প্রত্যাহার করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে নিয়মিত পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে৷

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে শুধু নিয়মিত পরীক্ষা ব্যবস্থা চালু নয়৷ প্রথমবারের পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়ারা তিন মাস পর ফের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে৷ কিন্তু, পুনরায় পরীক্ষাতেও অকৃতকার্য হলে তাদের সেই শ্রেণিতে আটক করার ক্ষমতা থাকবে রাজ্যের৷ এমনই প্রস্তাব দেওয়া হয়েছে সংশোধিত বিলটিতে৷

আরও পড়ুন: হাওড়া থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা

লোকসভায় সংশোধিত বিলটি পেশ করার সময় মানবসম্পদ উন্নয়ণ মন্ত্রী এই সংশোধনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন৷ বিগত কয়েক বছরে বহু রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চল লক্ষ্য করেছেন পড়ুয়ারা খুব খারাপ ফলাফল করছে৷ সেই জন্য বহু রাজ্যই ‘নো ডিটেনশন’ নীতি প্রত্যাহারের আবেদন জানিয়েছে কেন্দ্রের কাছে৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ও ‘শিক্ষার ফলাফল’ আরও উন্নত করার জন্য এই সংশোধনীর প্রয়োজন ছিল বলে জানান প্রকাশ জাভড়েকর৷

চলতি বছরের ২ জুন কলকাতায় এসেছিলেন প্রকাশ জাভড়েকর৷ কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন পাস-ফেল প্রথা ফিরছে৷ প্রসঙ্গত, পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য সরকারগুলির মতামত চায় কেন্দ্রীয় সরকার৷ উত্তরে অধিকাংশ রাজ্যই পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে মতামত দিয়েছিল৷

The post বাদল অধিবেশনে পাশ পাস-ফেল বিল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uxSd2r
via IFTTT

Comments