মাদ্রাসার খাবার খেয়ে অসুস্থ প্রায় শতাধিক ছাত্র

বারাসত: মাদ্রাসার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় শতাধিক পড়ুয়া। যাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের মাকালগাছা জান্নাতুল উলুম মাদ্রাসায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই অসুস্থ হতে শুরু করেছে মাদ্রাসার আবাসিক ছাত্ররা। প্রায় ১০০ জন ছাত্রের পেট খারাপ হয়। একই সঙ্গে দোসর হিসেবে যোগ হয় প্রবল জ্বর। শুধু ছাত্রেরা নয়, তিন জন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন।

মোট ৩৮০ জন ছাত্র রয়েছে হাসনাবাদের ওই মাদ্রাসায়। যাদের মধ্যে এই একই ধরনের অসুস্থতা নিয়ে ৯০ জন টাকি গ্রামীণ হাসপাতালে ভরতি হয়েছিল। যাদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিরা এখনও ওই হাসপাতালেই ভরতি রয়েছে।

মাদ্রাসা কমিটির সদস্য সাদিক মোস্তাফা জানিয়েছেন যে বুধবার রাতের খাবার হিসেবে সবাইকে ভাত, ডাল এবং কুমড়োর তরকারি দেওয়া হয়েছিল। সম্ভবত সেই খাবারে বিষক্রিয়ার ফলেই এই অঘটন ঘটেছে। একই মত পোষণ করেছেন এক অসুস্থ ছাত্রের অভিভাবক মতিউর রহমান।

পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাওয়ায় মাদ্রাসার মধ্যেই চালু করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। মাদ্রাসার সকল অসুস্থ ছাত্রদের রক্তের নমুনা সংগ্রহ কওরে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বসিরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়। রক্তের রিপোর্ট হাতে আসলেই এই বিপর্যয়ের প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

The post মাদ্রাসার খাবার খেয়ে অসুস্থ প্রায় শতাধিক ছাত্র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uQ6Nl9
via IFTTT

Comments