বনমহোৎসব পালিত হল বাঁকুড়ায়

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: স্কুল ছাত্রীদের উৎসাহ দিতে বন দফতরের উদ্যোগে বনমহোৎসব পালিত হল বাঁকুড়ার খাতড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় বনদফতরের উদ্যোগে এদিন অনুষ্ঠানের সূচনা করেন খাতড়ার মহকুমা শাসক রাজু মিশ্র। উপস্থিত ছিলেন খাতড়ার বনাধিকারীক প্রবীর চক্রবর্তী, প্রধান শিক্ষিকা প্রমুখ।

মহকুমা শাসকের উপস্থিতিতে এদিন স্কুল চত্ত্বরে বেশ কিছু গাছ লাগানো হয়। বনদফতরের এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রী থেকে শিক্ষিকারাও। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, খাতড়া মহকুমা এলাকার প্রতিটি স্কুলেই এই ধরণের উদ্যোগ নেওয়া হবে। চলতি মরশুমেই যাতে গাছ লাগানোর লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় সে বিষয়ে বনদফতর সচেষ্ট থাকবে বলে জানানো হয়েছে। মহকুমা শাসক রাজু মিশ্র জানান, বনদফতর খুব ভালো উদ্যোগ নিয়েছে। আগামি প্রজন্মের কাছে এটা একটা ভালো বার্তা যাবে বলেও তিনি মনে করেন।

অন্যদিকে সাধারণ মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহিত করতে বন বিভাগের সহযোগীতায় বিশেষ উদ্যোগ নিল দক্ষিণশোল কালীমাতা সংঘ। তালডাংরার এই সংস্থার বছরভর নানান সামাজিক কাজের পাশাপাশি বর্ষার মরশুমে বিভিন্ন ধরণের গাছ লাগানোর উদ্যোগ নেয়। শুক্রবার সাধারণ মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহিত করতে এলাকার প্রতিটি পরিবারকে তিনটি করে গামার, শিশু ও আকাশমনি গাছ দেওয়া হয়। এদিনের বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে প্রায় তিনশো বহুমূল্যবান গাছ লাগানো হয়। একই সঙ্গে তালডাংরা-পাঁচমুড়া রাস্তার ধারেও বেশ কিছু গাছ লাগানো হয়। বনদফতর ও কালীমাতা সংঘের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।

কালীমাতা সংঘের কর্ণধার শিবদাস ব্যানার্জী বলেন, ‘এই ধরণের উদ্যোগ আমরা প্রতিবছরই নিই। এবার অরণ্য সপ্তাহে সংঘের পক্ষ থেকে যেমন বেশ কিছু গাছ লাগানো হয়েছে৷ তেমনি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষ সচেতনতা তৈরি করতে প্রতিটি পরিবারকে তিনটি করে গাছের চারা দেওয়া হয়েছে। ওই গাছগুলি বিতরণেই তাঁদের দায়িত্ব শেষ হচ্ছেনা। ওই পরিবারগুলি গাছগুলির ঠিকমতো যত্ন নিচ্ছে কিনা সেদিকেও বছরভর তাঁদের নজর থাকবে৷’

সংঘের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামি দিনে এলাকার মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে আলোচনা চক্রেরও আয়োজন করা হবে। যেখানে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে পরিবেশবিদরাও উপস্থিত থাকবেন।

The post বনমহোৎসব পালিত হল বাঁকুড়ায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mvslQj
via IFTTT

Comments