সরকারি কর্মীদের ডিএ নিয়ে কার্যত কোনঠাসা রাজ্য সরকার!

কলকাতাঃ  রাজ্য সরকারের কর্মীদের ডিএ নিয়ে কার্যত আদালতে ক্রমশ কোনঠাসা রাজ্য সরকার! কর্মীদের ডিএ নিয়ে জোর সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আদালতে সওয়ালে তাঁর প্রশ্ন, মহার্ঘ ভাতায় সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার রয়েছে। কারণ, দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পাচ্ছে, কলকাতায় তাঁরা ফিরে এলেই কি ডিএ’র হার কমে যাবে? মামলাকারীদের আইনজীবীর এযুক্তির কোনও জবাব আদালতে দেননি রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মহার্ঘ্য ভাতা কেন পাবেন না সরকারি কর্মীরা? তার পক্ষে আদালতের শুনানিতে একাধিক যুক্তি পেশ করেন রাজ্যের সরকারি কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির সদস্য স্বপন কুমার দের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালতে সওয়ালে তিনি জানান, রাজ্য সরকার আদালতকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। স্যাটের রায় দুর্ভাগ্যজনক। এখানে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করা হয়েছে। কারণ হিসাবে আইনজীবীদের ব্যাখ্যা, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে সংবিধানের ৩০৯ ধারা অনুযায়ী, ২০০৯ সালে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স) আইন তৈরি করে রাজ্য সরকার। সেখানে ডিএ’র গ্রাহ্য করলেও আদালতে তারা জানাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার কোনও অধিকার নেই। রাজ্য সরকার যদি কর্মীদের স্বাস্থ্যভাতা ও হোম রেন্ট অ্যালাউন্স পাওয়ার অধিকার দিয়ে থাকে, তাহলে ডিএ পাওয়ার অধিকারও রয়েছে তাঁদের।

অন্যদিকে, বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ বিকাশবাবুকে প্রশ্ন করেন, কেন সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার রয়েছে? উত্তরে বিকাশবাবু বলেন , অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইন্ডেক্স মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়। রাজ্য তা অনুসরণ করলেও রাজ্য সরকারি কর্মীদের সঠিক হারে ডিএ দেয় না। একই সঙ্গে বিকাশবাবু তাঁর সওয়ালে জানান, “দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে যেসমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা চাকরি করেন, তাঁদের কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ দেওয়া হয়। তাঁরা যদি কলকাতায় ফিরে আসেন তাহলে কি ডিএ শতাংশের হার কমে যাবে? এই বিষয়ে আদালত জানতে চাইলে রাজ্যের তরফে উপস্থিত আইনজীবী তেমন কোনও উত্তর দিতে পারেননি।

The post সরকারি কর্মীদের ডিএ নিয়ে কার্যত কোনঠাসা রাজ্য সরকার! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NUpkFM
via IFTTT

Comments