ধ্রুবচাঁদ হালদার কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পাঁচ

স্টাফ রিপোর্টার, জয়নগর: ধ্রুবচাঁদ হালদার কলেজে দুই দল ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ৷ ধৃতদের শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ধ্রুবচাঁদ হালদার কলেজের সামনে বোমাবাজি ও হামলার ঘটনায় ধৃতদের কলেজ চত্বর থেকেই গ্রেফতার করে পুলিশ। কলেজ চত্বরে বোমাবাজি ও হামলার ঘটনায় পুলিশ স্বত প্রণোদিতভাবে মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর শনিবার কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ পাশাপাশি কলেজের মূল গেটে ও নিরাপত্তারক্ষীদের দিয়ে ছাত্রদের পরিচয় পত্র দেখেই কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

এদিন সকাল থেকেই কলেজে ছাত্র ভরতি ও ইউনিয়ন দখলকে কেন্দ্র করে দুই দল ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি সোটা নিয়ে একে অন্যপক্ষের দিকে তেড়ে ও যায়। পুলিশের সামনেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে। পরিস্থিতি সামাল দিতে কলেজ থেকে বিবাদমান ছাত্রদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয় এই ঘটনার পর ও কলেজ চত্বরে একাধিক বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বেলা এগারোটা নাগাদ কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এই ঘটনার পর কলেজ চত্বর থেকেই মোট পাঁচজনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল রোয়াব ঢালী, আমির হোসেন মন্ডল, আশিস হালদার, সুমন চৌধুরী ও শাহ আলম লস্কর। এই ঘটনায় জয়নগর থানার সাব ইন্সপেকটর ইন্দ্রজিত ভক্ত নিজেই স্বতঃপ্রণোদিতভাবে থানায় একটি মামলা রজু করেন।

অন্যদিকে জয়নগরের ব্লক তৃণমূলের সভাপতি গৌর সরকারের অনুগামী এক ছাত্র শুক্রবার রাতেই এই বিষয়ে জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। গৌর সরকার অনুগামিদের দাবি, ধৃতরা সকলেই এলাকার বিধায়ক বিশ্বনাথ দাসের অনুগামী শুধু নয় এরা সকলেই বহিরাগত। ধৃতরা কলেজে ঢুকে কলেজের পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেন তারা।

সভাপতি গৌর সরকার বলেন, ‘‘কলেজে হামলা চালানোর ঘটনায় বিধায়কের অনুগামী, তাঁর শ্যালক তুহিন বিশ্বাসরা প্রত্যক্ষভাবে জড়িত। পুলিশ নিজেই শুক্রবার অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে। না হলে ধৃতের সংখ্যা আরও বাড়ত। ওদের হাতে মার খেয়ে আমাদের একটি ছাত্র ভাস্কর পট্টনায়ক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷’’

যদিও পুলিশের দাবি, অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষের কাছ থেকে শুক্রবারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে ও অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করণের কাজ করছে পুলিশ। তবে শনিবার বারুইপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে বিচারক তাদের চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি এই মামলার যাবতীয় কেস আগামী ২৩ শে জুলাই আদালতে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।

The post ধ্রুবচাঁদ হালদার কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পাঁচ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uuA1Ge
via IFTTT

Comments