সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী: কংগ্রেস
নয়াদিল্লি: শনিবারই উত্তরপ্রদেশের জনসভা থেকে কংগ্রেসকে এক হাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেছিলেন কংগ্রেস শুধু মুসলিম পুরুষদের দল, মহিলাদের নয়৷
সেই জবাবেই রবিবার কংগ্রেস কটাক্ষ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ এদিন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, রাহুল গান্ধীর নামে কুৎসা রটাচ্ছেন প্রধানমন্ত্রী৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও ছাড়ছেন না তিনি৷ লোকসভা নির্বাচনের আগে বেপরোয়া হয়ে উঠেছেন মোদী৷ যেকোনও সীমা পর্যন্ত যেতে পারেন তিনি৷ তাঁর এই ভাবমূর্তি মানুষ ভাবো ভাবে নেবে না৷ তিনি সমাজে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছেন৷

রাহুল গান্ধীর সঙ্গে মোদীর বিদ্বেষের বিষয়টিকে এদিন তুলে ধরেন রণদীপ সুরজেওয়ালা৷ তিনি বলেন কংগ্রেস সভাপতির সঙ্গে বিদ্বেষ মেটাতে মোদী সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করেছেন৷ অত্যন্ত নোংরা খেলা এটি৷
শুধু রণদীপ সুরজেওয়ালাই নয়, এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের আরেক মুখপাত্র প্রমোদ তিওয়ারি৷ তিনি বলেন কংগ্রেস দেশের প্রতিটি জাতি, প্রতিটি ধর্মের মানুষের পাশে দাঁড়ায়৷ কোনও নির্দিষ্ট ধর্মের তোষণ করা হয় না এখানে৷ জওহরলাল নেহেরু থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত এই ট্র্যাডিশন চলে আসছে৷
এরআগে, রাহুল গান্ধী বলেছিলেন কংগ্রেস ‘মুসলিমদের দল’৷ তাঁর এই বক্তব্যকেই কটাক্ষ করেন মোদী৷ প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস কি মুসলিম পুরুষদের দল নাকি মহিলাদেরও দল? তিন তালাক ইস্যুতে কংগ্রেসকে খোঁচা মারতেই এই প্রশ্ন করেন মোদী৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷
এ দিন নরেন্দ্র মোদী বলেন, ‘‘খবরের কাগজে পড়েছি কংগ্রেস সভাপতি নাকি তার দলকে মুসলিমদের দল বলেছেন৷ আমি মোটেও অবাক হইনি৷ একটাই প্রশ্ন করতে চাই৷ কংগ্রেস দলটা কি শুধু মুসলিম পুরুষদের নাকি মহিলাদেরও?’’

এরপরই তিন তালাক ইস্যুতে কংগ্রেসকে চেপে ধরেন প্রধানমন্ত্রী৷ মোদী বলেন, ‘‘তিন তালাক নিয়ে তাদের অবস্থানই স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস৷ মহিলারা যাতে সহজ উপায়ে তাদের জীবন কাটাতে পারেন সেই দিকে চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র৷ অন্যদিকে কিছু মানুষ দল বেধে মহিলাদের বিশেষ করে মুসলিম মহিলাদের জীবনকে আরও কঠিন করে তুলতে চাইছে৷’’
তবে রাহুলের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে কংগ্রেস জানিয়েছিল, রাহুল এ ধরনের কোনও কথা বলেননি। তবে এই বক্তব্যকে আমল দেয়নি বিজেপি৷ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মুসলিম ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নানা ধরনের সুযোগ–সুবিধা দেওয়ার ব্যবস্থা করছে। বিশেষ করে মুসলিম মহিলাদের জীবন সুরক্ষিত করতে চাইছে সরকার। কিন্তু বিরোধীরা তিন তালাক বন্ধ করার জন্য আনা বিলের বিরোধিতা করে মুসলিম মহিলাদের আরও বিপদে ফেলতে চাইছে।
The post সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী: কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mlPBAm
via IFTTT
Comments
Post a Comment