পাহাড়কে হেলায় টেক্কা মহানগরের

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : বর্ষার বৃষ্টিতে পাহাড়কে টেক্কা দিচ্ছে কলকাতা। এই মরসুমে বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গের সময় ভালো যাচ্ছে। বর্ষা এসেছিল উত্তরবঙ্গের বদলে দক্ষিণবঙ্গ দিয়ে। ভালো সময় চলছে জুলাই মাসেও। আলিপুর আবহাওয়া দফতরের তথ্যে সেই প্রমাণ মিলছে।

বিগত কয়েক বছর দক্ষিণবঙ্গসহ কলকাতায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক ছিল। তবুও মহানগরের আম জনতার মন খুঁত খুঁত করে। বৃষ্টি সব সময়েই যেন কম হয় শহরে। এই বছর সেই বৃষ্টি ‘পিপাসা’ মিটছে। মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের সব জেলাতেই। কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঝুলিতে প্রাপ্তি বেশি। বৃষ্টি পরিমাণ অনেকটাই বেশি কলকাতায়। বেশ কিছুটা পিছিয়ে উত্তরবঙ্গের পাহাড়ে মেঘের ধাক্কা লেগে মেঘের বৃষ্টি। এই বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে জারি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুর অঞ্চলে ৩৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমে বৃষ্টি হয়েছে ১০৫ মিলিমিটার। সেখানে বাগডোগরায় বৃষ্টি হয়েছে ৭.৯ মিলিমিটার। দার্জিলিংয়ে ৮ মিলিমিটার ও জলপাইগুড়িতে ৭ মিলিমিটার। কোচবিহারে ১৯.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার দমদম ও আলিপুর মিলিয়ে বৃষ্টির পরিমাণ ১৪১.৮ মিলিমিটার। সেখানে পাহাড়ের চারটি জেলা মিলিয়ে বৃষ্টিপাতের পরিমাণ সর্বসাকুল্যে ৪২.১ মিলিমিটার। অর্থাৎ অঙ্ক সহজ। বৃষ্টির পরিমাণ কলকাতার তুলনায় অর্ধেকেরও অনেকটাই কম।

যদিও মাস খানেক আগে বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল উত্তরবঙ্গ। সেই সময় আজ ২৬ জুলাই পর্যন্ত বৃষ্টির পরিমাণ তুলনা করলেও দেখা যাবে এগিয়ে রয়েছে মহানগর। হাওয়া অফিসের তথ্য বলছে, দার্জিলিং-এ ৩৩ শতাংশ, কোচবিহারে ৫৩ শতাংশ, উত্তর দিনাজপুরে ৫২ শতাংশ ও দক্ষিণ দিনাজপুরে ৫৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। কিন্তু কলকাতায় বৃষ্টির পরিমাণ কিন্তু স্বাভাবিক।

এবার কেন দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছে? আবহবিদরা জানাচ্ছেন, মৌসুমি অক্ষরেখা গিয়েছে দীঘা এবং বাঁকুড়ার উপর দিয়ে। আরেকটি অক্ষরেখা বিস্তৃত বাঁকুড়া থেকে অসম পর্যন্ত। মৌসুমি অক্ষরেখা এবং অপর অক্ষরেখা যেখান দিয়ে গিয়েছে সেটা পুরাদস্তুর দক্ষিণবঙ্গের জেলা। স্বাভাবিকভাবে ‘শান্তি’-র জলের মত বৃষ্টি হচ্ছে পাহাড়ে।

কলকাতায় চাষ আবাদ হয় না। কিন্তু আমন ধানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল এই বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ অক্ষরেখা নিম্নচাপে পরিণত হলে সেই বৃষ্টি আরও বেশ কিছুদিন চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গও বৃষ্টি পাবে তবে তা আপাতত পুজোর প্রসাদের মত।

The post পাহাড়কে হেলায় টেক্কা মহানগরের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mIQqDm
via IFTTT

Comments