বাবার অন্যায়ের জন্য বিষ পান কেন করব? দলকে প্রশ্ন শুভ্রাংশুর
স্টাফ রিপোর্টার, বারাকপুর: ফের দলীয় নেতৃত্বের প্রতি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। কাঁচরাপাড়ার একটি অনুষ্ঠানে এসে রবিবার শুভ্রাংশু বললেন, “শিব বিষ পান করে নীলকন্ঠ হয়ে ছিলেন, আমাকেও প্রতিনিয়ত বিষ পান করতে হচ্ছে। অথচ আমি কোন অন্যায় করিনি। আমার বাবা অন্যায় করতে পারেন, তার জন্য তার বিচার হতে পারে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে। সেটার জন্য আইন আছে আমি আইনের সঙ্গে থাকবো।”
এদিন কাঁচড়াপাড়া পুরসভার একটি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মুকুল পুত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি এলাকার বিধায়ক, কিন্তু দুর্ভাগ্য আমার অঞ্চলের পুরসভার চেয়ারম্যান আমার পিতৃসম সুদামা রায় আমার ফোন নম্বর ভুলে গেছেন। কাঁচরাপাড়া হালিশহর পুরসভার কোন অনুষ্ঠানে আমি ডাক পাই না।”
বাবা মুকুল বিজেপিতে যোগদানের পর থেকেই দলের বিধায়ক শুভ্রাংশুকে এড়িয়ে চলে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উত্তর ২৪ পরগনা জেলার সেরকম কোনও অনুষ্ঠানেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়না বলে অভিযোগ৷ এমনকি বীজপুর বিধানসভা কেন্দ্রের কোন সরকারি অনুষ্ঠানে ডাক পাননা খাতায় কলমে বীজপুরের তৃণমূল বিধায়ক। বীজপুরে গিয়ে একের পর এক জনসভা করে নেতৃত্ব দিতে দেখা গেছে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংকে।সেই ক্ষোভই ঠেলে বেরিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এদিন তৃণমূলের তরফে এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানেও ক্ষোভপ্রকাশ করেছেন বীজপুরের বিধায়ক। নিজের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ তুলে শুভ্রাংশু দর্শকাসনে উপস্থিত ছাত্র যুবকদের উদ্যেশ্যে বলেন, “তোমরা তো গুগল সার্চ কর। অন্য রাজনীতিবিদদের আর আমার শিক্ষাগত যোগ্যতাটা একবার মিলিয়ে দেখে নাও। আমি বিটেক করেছি, এমবিএ করেছি৷ এটা নয় যে কিছু করতে পারিনি বলে রাজনীতিতে এসেছি।শুধুমাত্র দিদির কথায় রাজনীতিতে এসেছিলাম। যেদিন মনে হবে ছেড়ে চলে যাব। আমি চাই বীজপুরের মাটি উন্নয়নের মাটি হোক।”
The post বাবার অন্যায়ের জন্য বিষ পান কেন করব? দলকে প্রশ্ন শুভ্রাংশুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L1SjKh
via IFTTT
Comments
Post a Comment