মৎস্যজীবীদের বোট উদ্ধার, ভেসে এল তিন মৎস্যজীবীর দেহ

স্টাফ রিপোর্টার, দিঘা: টানা নিম্নচাপের জেরে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। এমনকি বইছে ঝোড়ো হাওয়াও৷ এদিকে মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়ে যাতে কোনও সমস্যায় না পড়ে তার জন্য আগে ভাগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তবে প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই মাঝ সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল মৎস্যজীবীদের বোট।

কিন্তু ঠিক তারপরই খবর পাওয়া যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝ সমুদ্রে কয়েকটি মৎস্যজীবীদের বোট নিখোঁজ৷ এরপর শুরু হয় নৌকাগুলির তল্লাশি৷ এদিকে সোমবার সকালে দিঘা থানার মাইতি ঘাটের কাছে ‘মা মঙ্গলা’ নামে একটি ভগ্ন বোট উদ্ধার করে পুলিশ। বোটের মধ্যে মাছ ধরার জাল সহ একাধিক সরঞ্জাম পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এই প্রসঙ্গে দিঘা থানার ওসি বাসুকিনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘সুবর্ণরেখা নিকট কয়েকটি বোট নিখোঁজের খবর এসেছিল। তাদের মধ্যে একটি বোট উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বোটের মালিকের পরিচয় এখনও জানা যায় নি। আমরা পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় সেদিকেও আমাদের কড়া নজরদারি রয়েছে৷’’

এদিকে, সোমবার সকালে মন্দারমণি কোস্টাল থানার দাদনপাত্রবাড়, চাঁদপুর এবং জলধায় ভেসে এল ওড়িশার কীর্নিয়াতে নিখোঁজ তিন মৎস্যজীবীদের দেহ। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু মৎস্যজীবীদের বোট নিখোঁজ হয়ে পড়ে। এদিন মন্দারমণি কোস্টাল থানা দাদনপাত্রবাড়ের ক্ষীরপাল খটিতে সমুদ্রে ভেসে আসে একটি মৃতদেহ। ঝাড়েশ্বর পাল নামের ওই মৎস্যজীবীর বাড়ি কীর্তনিয়াতে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবী ছিলেন ঝাড়েশ্বর। জলধায় এবং চাঁদপুরে উদ্ধার হয়েছে আরও দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই দুই ব্যক্তিরও বয়সও প্রায় ৪০ থেকে ৪৫-এর কাছাকাছি। উদ্ধার হওয়া দেহ দু’টি নিখোঁজ মৎস্যজীবীদের বলে প্রাথমিক ভাবে মনে করছেন পুলিশ মহল।

প্রসঙ্গত, বর্ষার শুরুতেই উত্তাল হয়ে উঠেছিল বঙ্গোপসাগর৷ ব্যাপক জলোচ্ছ্বাসের জেরে একেবারে ফুলে ফেঁপে উঠেছে দিঘার সমুদ্র৷ আর এই ঝোড়ো হাওয়ার জেরে গতকাল তথা রবিবার বিশ্ব বাংলার গ্লোব ভেঙে পড়ে৷ নিম্নচাপের কারণে অবিরাম বৃষ্টির সঙ্গে ক্রমাগত ঝোড়ো হাওয়া৷ তারই জেরে দিঘা রাজ্য সরকারের গড়ে তোলা বিশ্ব বাংলার গ্লোব ভেঙে পড়ে বিপত্তি। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ কিন্তু আচমকা এমন ঘটনায় পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিঘা থানার পুলিশ। তাদের সহযোগিতায় পর্যটকদের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এই প্রসঙ্গে দিঘা থানা থেকে এদিন আবারও জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পর্যটকরা যাতে সমুদ্রের পাড়ে না যায় তার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছিল। সেই সঙ্গে কড়া নজদারিও রয়েছে পুলিশ, নুলিয়া, সিভিক ভলান্টিয়ার সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের। প্রাকৃতিক দুর্যোগ না কাটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

The post মৎস্যজীবীদের বোট উদ্ধার, ভেসে এল তিন মৎস্যজীবীর দেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uIl04t
via IFTTT

Comments