শাসকের ‘শ্বাসকষ্ট’ বাড়াতে বিধানসভায় ‘জোট’ বাঁধছে বাম-কংগ্রেস

দেবযানী সরকার, কলকাতা: লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট চায় কংগ্রেস৷ সেই জোটের ভবিষ্যত এখন ঝুলে রইলেও আসন্ন বিধানসভা অধিবেশনে দু-দলই ‘জোট’ বাঁধছে শাসকদলের বিরুদ্ধে৷ ২০ জুলাই থেকে শুরু হচ্ছে অধিবেশন৷ সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস থেকে কলেজে ভর্তির নামে তোলাবাজি-সব রকম বিষয়েই একযোগে সরকারপক্ষের কাছে জবাবদিহি চাইবে তারা৷এছাড়াও, রাজ্যের দুই বিরোধী দলই বিধানসভায় সর্বদল বৈঠকে যোগ দিচ্ছেন৷

সবং উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোট ভাঙে৷ রাজ্য নির্বাচনেও দু-দলের মধ্যে ভাঙা সম্পর্ক ছিল৷সেকারণে গত বছর শীতকালীন অধীবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভায় আলাদা আলাদাভাবেই বিক্ষোভ দেখিয়েছিলেন বাম ও কংগ্রেস সদস্যরা। দুপক্ষই আলাদা করে মুলতবি প্রস্তাব আনে। বাধা পাওয়ায় আলাদাভাবেই ওয়াকআউট করে তারা।

কিন্তু লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে দু-দলই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে একে অপরকে আঁকড়ে ধরার চেষ্টা করছে৷ তার জলজ্যান্ত উদাহরণ হতে চলেছে আসন্ন বিধানসভার অধিবেশন৷জানা গিয়েছে, এ বার অধিবেশনে ফের যাতে দু’পক্ষের কক্ষ সমন্বয় বজায় থাকে, তার জন্য বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর। পরে তাঁরা আলোচনা করে বিষয়-ভিত্তিক তালিকা তৈরি করবেন। এবিষয়ে সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “বিধানসভায় ৯০ শতাংশ ক্ষেত্রেই আমরা বিরোধীরা একসঙ্গে সরব হই৷ এবারও তাই হব৷ তবে কংগ্রেসের যদি আলাদা কোনও ইস্যু থাকে তাহলে তারা সেটা বলবেন৷”

২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর বাম-কংগ্রেস জোট বেশিদিন স্থায়ী হয়নি ঠিকই৷ কিন্তু প্রথম কয়েকমাস জোটের ‘ঐক্য’ অটুট আছে বোঝাতে দু-দলই যথেষ্ট চেষ্টা করেছে৷ বিভিন্ন ইস্যুতে একাধিক অধিবেশনে শাসক দলকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছিল তারা৷ এবারও নিজেদের ‘পারফরম্যান্স’ ভালো হবে বলেই আশা বাম ও কংগ্রেসের বিধায়কদের৷

এদিকে, অধিবেশন শুরু হওয়ার আগে ১৮ তারিখ প্রথমে সর্বদল ও পরে কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠক ডাকা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকটি অধিবেশনে সর্বদল বৈঠকে যাননি কংগ্রেস ও বাম বিধায়কেরা। তবে এ বার তাঁরা বৈঠকে গিয়ে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস-সহ বেশ কিছু প্রশ্নে আলোচনার দাবি জানাবেন।

মূল্যবৃদ্ধি, পেট্রল, ডিজেলকে জিএসটি-র আওতায় আনা এবং শুল্ক মকুবের মতো কিছু বিষয়ে আলোচনার দাবিও উঠবে৷ এবিষয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য, “সর্বদলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বটে৷ তবে এরাজ্যে তো গণতন্ত্র নেই তাই বৈঠকে কতক্ষণ থাকতে পারব জানি না৷”

The post শাসকের ‘শ্বাসকষ্ট’ বাড়াতে বিধানসভায় ‘জোট’ বাঁধছে বাম-কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LdcvVz
via IFTTT

Comments