ফ্রান্সকে পিছনে ফেলে ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত
নয়াদিল্লি: সম্প্রতি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের হিসেব বলছে এগিয়ে যাচ্ছে ভারত। ২০১৭-র হিসেব অনুযায়ী, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত। ফ্রান্সকে টেক্কা দিয়ে এই স্থানে উঠে এসেছে ভারত।
গত বছরের শেষ পর্যন্ত ভারতের জিডিপি ২.৫৯৭ ট্রিলিয়ন ডলার। আর ফ্রান্সের জিডিপি ২.৫৮২ ট্রিলিয়ন ডলার। ২০১৭ থেকে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ভারতের সঙ্গে ফ্রান্সের জনসংখ্যার তফাৎও অনেকটাই। ভারতের জনসংখ্যা ১৩৪ কোটি আর ফ্রান্সের ৬ কোটি ৭০ লক্ষ। তাই ভারতের পার ক্যাপিটা জিডিপি ফ্রান্সের তুলনায় অনেকটাই কম।
আইএমএফের রিপোর্ট বলছে, চলতি বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হবে ৭.৪ শতাংশ আর ২০১৯-এ হবে ৭.৮ শতাংশ। যেখানে গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার ৩.৯ শতাংশ। লন্ডনের সেন্টার ফর ইকনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ-এর সমীক্ষা বলছে, এবছরেই ভারত পিছনে ফেলে দেবে ব্রিটেন আর ফ্রান্সকে। ২০৩২-এর মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে মাথা তুলবে ভারত। ২০১৭-র শেষে ব্রিটেনের জিডিপি ২.৬২২ ট্রিলিয়ন। এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। এক নম্বরে রয়েছে আমেরিকা। এরপরই চিন, জাপান ও জার্মানি।
অন্যদিকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বলেন, ”২০১৪ থেকে একেবারে ভুল দিকে ঝাঁপ দিয়েছে ভারত।” তিনি বলেন, পিছিয়ে পড়তে পড়তে ক্রমশ ভারত এই অঞ্চলের দ্বিতীয় নিকৃষ্টতম দেশে পরিণত হয়েছে।
এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ‘সবকিছুই ভুল হয়েছে। ২০১৪ থেকে ভারত ক্রমশ ভুল পথে চলতে শুরু করেছে। দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ ক্রমশ পিছনের দিকে চলতে শুরু করে।’ অর্থনীতিতে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বছর ২০ আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মধ্যে ভারত ছিল দ্বিতীয় স্থানে, শ্রীলঙ্কার ঠিক পরেই। আর আজ ভারত দ্বিতীয় নিকৃষ্টতম স্থানে পৌঁছেছে। পিছনে রয়েছে শুধু পাকিস্তান।’
The post ফ্রান্সকে পিছনে ফেলে ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uaSZSM
via IFTTT
Comments
Post a Comment