ধুমধাম করে রথ বেরোবে বর্ধমানেও

পূর্ব বর্ধমান: রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম৷ শুক্রবার বিকেল থেকেই কার্যত শুরু হয়ে গিয়েছে রথ উৎসব৷ শুক্রবারই বর্ধমানে উদ্বোধন হয় নতুন পিতলের রথ। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে এই পিতলের রথ তৈরি হয়েছে নবদ্বীপে৷ ২৩ ফুট উঁচু এবং ১৩ ফুট চওড়া এই রথের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবও।

শুক্রবার বিকেলে হাজারো মানুষের উত্সাহ উদ্দীপনার সঙ্গে বর্ধমান শহরের টাউন হল থেকে এই রথকে নিয়ে যাওয়া হল বর্ধমানের আদি শহর কাঞ্চননগর রথতলায়। আজ শনিবার সেখানেই এই রথকে আনুষ্ঠানিকভাবে টানা হবে।

ইতিমধ্যেই রাজ আমলের তৈরি রথতলায় রথ রাখার ঘর সারিয়ে নতুন করে তৈরি করা হয়েছে। যেখানে বর্তমান লোহার রথ যেমন রাখা থাকবে, তেমনই নতুন পিতলের রথও সারা বছর থাকবে। স্থানীয়সূত্রে খবর, ১৭০২ থেকে ১৭৪০ সাল অবধি বর্ধমান রাজ পরিবারের দায়িত্বে ছিলেন কীর্তিচাঁদ রায়। তিনি রাজা ছিলেন না। কিন্তু তাঁর ছেলে চিত্রসেন রায় পরবর্তীকালে রাজা উপাধি পেয়েছিলেন৷

কীর্তিচাঁদের সময়ে বর্ধমানে বহুকিছু নির্মাণ হয়েছিল৷ তাঁর মধ্যে উল্লেখযোগ্য বারদুয়ারি, মহন্তস্থল প্রভৃতি৷ ১৭৩০ সাল নাগাদ কীর্তিচাঁদ সাধারন নাগরিকদের মনোরঞ্জনের জন্য কাঞ্চননগরে রথ যাত্রার প্রচলন করেছিলেন। তাঁর আরও পরে রাজা চিত্রসেন রায় কেবলমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্য চালু করেছিলেন রথযাত্রার। সেই সময় সাধারণ মানুষের জন্য যে ঐতিহ্যবাহী কাঠের রথ তৈরি হয়েছিল তা বেশ কয়েক বছর আগেই নষ্ট হয়ে যায়।

এরপর স্থানীয়দের উদ্যোগে লোহার রথ তৈরি করা হয়েছিল। এতদিন এই রথকেই সুন্দর ভাবে সাজিয়ে রথযাত্রার জন্য প্রস্তুত করা হত। স্থানীয় এলাকা-সহ গোটা শহর এমনকী জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসতেন রথযাত্রায় সামিল হতে। তবে পিতলের তৈরি ২৩ ফুটের এই নতুন রথ এ বছর রথযাত্রার নতুন আকর্ষণ হতে চলেছে বর্ধমানবাসীর কাছে এ বিষয়ে কোন সন্দেহ নেই৷

The post ধুমধাম করে রথ বেরোবে বর্ধমানেও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zDMQUv
via IFTTT

Comments