ভুবির না থাকা চাপে ফেলবে ভারতকে: সচিন
মুম্বই: ইংল্যান্ড সফরে লিডসের মাঠে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে পিঠে চোট পেয়েছেন ভারতের পেশ বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র ভুবনেশ্বর কুমার৷ ভুবিকে ছাড়াই ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট অভিযানে নামবে ভারত৷ ‘মেন ইন ব্লু’র পেস বোলিং স্কোয়াডে ভুবির অনুপস্থিতি ভারতকে কিছুটা চাপে রাখবে বলেই মনে করছেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর৷
চোট পেয়ে ভুবির টেস্ট দলের বাইরে যাওয়া নিয়ে চিন্তিত মাস্টার ব্লাস্টার বলেন, ‘ভুবির চোট ভারতকে পিছিয়ে দিল৷ আমি ওর কাছ থেকে অনেক কিছু আশা করছিলাম৷ সারা বছর ধরে দারুন পারফর্ম করেছে ভুবনেশ্বর কুমার৷ ওর কাছ থেকে নিশ্চিতভাবেই ভালো পারফরম্যান্স আশা করা যায়৷ বল দু’দিকেই সুইং করানোর ক্ষমতা রয়েছে ওর৷ ইংল্যান্ডদের বিরুদ্ধে টেস্ট ম্যাচগুলোতে ওর সুইং এবং গতি ভারতকে খুবই সাহায্য করত৷’
আরও পড়ুন:ইংল্যান্ড সফর বিরুষ্কার থার্ড হানিমুন
পাশাপাশি ভুবির থাকার অন্য একটি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে লিটল মাস্টার বলেন, ‘শুধু বোলার হিসেবেই নয়, ওর ব্যাটেরও গুরুত্ব রয়েছে৷ ২০১৪ সালে ওর করা রানগুলোর কথা ভুললে চলবে না৷ শেষের দিকে রেগুলার ব্যাটসম্যানদের সঙ্গে পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে ভুবির প্রয়োজনীয়তা রয়েছে৷ তবে আমাদের পেস বোলিং স্কোয়াডে ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামি, শার্দুল ঠাকুররা রয়েছে৷’
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পিঠে চোট পেয়েছেন ভুবনেশ্বর৷ বিসিসিআই-এর মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন তিনি৷ তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে টেস্ট দলে জায়গা পাওয়া৷ মেডিক্যাল টিমের সবুজ সংকেত পেলে ভুবিকে টেস্ট দলে ঢুকিয়ে নেওয়া হতে পারে৷
আরও পড়ুন:রোনাল্ডো আসায় হাল ফিরবে সিরি-এ‘র
প্রথম টেস্ট শুরুর আগে বেশ কিছুদিন সময় রয়েছে ভারতের হাতে৷ তার আগে ম্যাচ ফিট হয়ে উঠলে ভুবনেশ্বর অবধারিতভাবে দলে ঢুকে পড়বেন৷ তাহলে প্রথম তিনটি টেস্টের স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা দাঁড়াবে ১৯ জন৷
আঙুলের চোট সারিয়ে ওঠায় জসপ্রীত বুমরাহকে টেস্ট দলে রাখা হলেও প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি৷ ফিটনেস নিয়ে সমস্যা না হলে দ্বিতীয় টেস্ট থেকে প্রথম একাদশে তাঁর নাম বিবেচিত হতে পারে৷১ অগস্ট থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত৷ ৯ অগস্ট থেকে লর্ডসে খেলা হবে দ্বিতীয় টেস্ট৷ ১৮ অগস্ট থেকে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট৷
আরও পড়ুন:৪০০ মিটারে রেকর্ড ভাঙলেন ভারতের দৌড়বিদ
পরবর্তী দু’টি টেস্টের দল ঘোষিত হবে পরে৷ সম্ভবত তৃতীয় টেস্ট চলাকালীন জাতীয় নির্বাচকরা চতুর্থ ও পঞ্চম টেস্টের দল গড়ে নিতে পারেন৷ ৩০ অগস্ট থেকে সাউদাম্পটনে খেলা হবে চতুর্থ টেস্ট৷ ৭ সেপ্টেম্বর থেকে ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট৷
The post ভুবির না থাকা চাপে ফেলবে ভারতকে: সচিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LaUye2
via IFTTT
Comments
Post a Comment