বেলুড়ে টাকা নিয়ে ছাত্র ভরতির অভিযোগ
সুমন আদক, হাওড়া: এবার টাকা নিয়ে কলেজে ভরতি করার অভিযোগ উঠল বেলুড়ে৷ গ্রেফতার করা হয়েছে বালির প্রাক্তন বিধায়িকা কণিকা গঙ্গোপাধ্যায়ের ভাসুরপো জিৎ গঙ্গোপাধ্যায়কে৷ একটি ছাত্রের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে বালি থানার পুলিশ৷
অভিযোগ, বেলুড়ের লালবাবা কলেজে প্রথম বর্ষে ভরতির বিনিময়ে টাকা চাওয়া হয় এক ছাত্রের কাছ থেকে৷ বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ উঠছিল৷ তবে হাতেনাতে কোনও প্রমাণ ছিল না পুলিশের কাছে৷
এবারে হাতে নাতে প্রমাণ এল৷ কলেজের এক ছাত্র ভরতির জন্য আবেদন করে৷ কিন্তু তাঁর কম নম্বর থাকায় কলেজের মেধাতালিকায় নাম ওঠেনি৷ তখনই জিৎ গঙ্গোপাধ্যায় বলে ১৫০০০ টাকা দিলে সেই ছাত্রকে ভরতি করিয়ে দেবে সে৷
তবে ছাত্রের পরিবারের আর্থিক পরিস্থিতি ভাল না হওয়ায় ৮০০০ টাকায় রফা হয়৷ সেই টাকাও যোগাড় করতে পারেনি ওই ছাত্র৷ পরে নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার৷ পরিবারের অভিযোগ, প্রথমে অভিযুক্ত ১০০০ হাজার টাকা নেয়৷ বলা হয় সিট বুকিং-এর জন্য এই টাকা নেওয়া হচ্ছে৷ তারপর ছাত্রের রেজাল্টের জেরক্স কপি, সার্টিফিকেট চাওয়া হয়৷ তারপরেও ক্রমশ টাকার জন্য চাপ আসতে থাকে৷ তখনই পুলিশের দ্বারস্থ হয় নিরুপায় পরিবার৷
পড়ুন: তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলা দুষ্কৃতীদের
জিতের বিরুদ্ধে প্রতারণা সহ বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে জিৎ৷ তবে তাঁর দাবি অন্য কারোর মাধ্যমে ভরতি করানো হত কলেজে৷ সে নিজে এই টাকা নিত না৷ এই চক্রের পিছনে আর কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ৷
এর আগে, কলেজে কলেজে ভরতি প্রক্রিয়ায় তোলাবাজির অভিযোগ ওঠে রাজ্য জুড়ে৷ খবর প্রকাশ্যে আসার পরেই অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টাকা নিয়ে কলেজে ভরতি একেবারেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি। ভরতিতে বাধা পেলে সঙ্গে সঙ্গে পুলিসকে জানানোর অনুরোধ জানান তিনি।
পুলিশ কমিশনারকে এই নিয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টাকা নিয়ে ভর্তি অথবা ভর্তিতে বাধা দেওয়া সংক্রান্ত কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করতে বলেছেন তিনি। কয়েকদিন আগেই দলের কোর কমিটির বৈঠকে ছাত্র নেতাদের সতর্ক করে বলেছিলেন, চাঁদা তোলা কেবল ছাত্র সংগঠনের কাজ নয়। ছাত্রছাত্রীদের সহযোগিতা করাও তাঁদের কাজ।
The post বেলুড়ে টাকা নিয়ে ছাত্র ভরতির অভিযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zCCfcw
via IFTTT
Comments
Post a Comment