গৃহবধূর সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রতিবাদী

স্টাফ রিপোর্টার,হাওড়া: গৃহবধূর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই প্রতিবাদীকে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া এলাকায়৷ দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়েছেন স্থানীয় একটি ক্লাবের দুই সদস্য৷ তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে৷

জানা গিয়েছে, ওই দিন রাতে গৃহবধূ স্থানীয় একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলেন৷ সে সময় দোকানের সামনে কিছু যুবক তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করতে থাকে৷ এমনকী অভব্য আচরণ করে বলেও অভিযোগ৷ উচ্ছৃঙ্খল যুবকরা ওই তরুণী গৃহবধূর কাছে ফোন নম্বরও চায়৷

তিনি এর প্রতিবাদ করলে ইভটিজাররা তাঁর হাত ধরে টানাটানি শুরু করে। ইভটিজারদের কবল থেকে বাঁচতে ওই গৃহবধূ কোনমতে দৌড়ে এসে স্থানীয় একটি ক্লাবের মধ্যে ঢুকে পড়েন। তিনি ক্লাব সদস্যদের সাহায্য চান। এরপরই ক্লাবের কিছু সদস্য ঘটনাস্থলে ছুটে এসে প্রতিবাদ জানালে ইভটিজাররা উলটে তাদের ওপরই চড়াও হয়।

ইভটিজারদের মারে রঞ্জিত মন্ডল(৪২) ও সঞ্জীব গলুই (৪২) নামের দুই ক্লাব সদস্য আক্রান্ত হন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিলুয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ইভটিজাররা কেউ ধরা পড়েনি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

The post গৃহবধূর সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রতিবাদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KU6TmK
via IFTTT

Comments