মালদহে বাড়ি তৈরি ঘিরে ধুন্ধুমার, আহত ৩

স্টাফ রিপোর্টার, মালদহ: দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদহের গাজোল থানার বৈরগাছি গ্রাম৷ বাড়ি তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ দুই পরিবারের বিবাদ ক্রমশ মারামারি আকার ধারণ করে৷ ছড়িয়ে পড়ে সংঘর্ষ৷

এই ঘটনায় আহত হয়েছেন ৩জন৷ এদের মধ্যে ২ জন মহিলা৷ ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ। আহতরা স্থানীয় ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে৷

স্থানীয় সূত্রে খবর গ্রামের বাসিন্দা বীরেন মণ্ডল নিজের পৈতৃক জমিতে বাড়ি তৈরি করছিলেন। এতে বাধা দেয় তারই আত্মীয় হীরালাল মণ্ডল। অভিযোগ এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ এরপরই হীরালাল দলবল নিয়ে বীরেনের ওপর চড়াও হয়। তাকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারতে থাকে।

পড়ুন: রাজ্যের পরিবহণ মন্ত্রীর নির্দেশ মানল মালদহ

এই অবস্থায় বীরেনকে বাঁচাতে ছুটে আসেন তাঁর স্ত্রী সান্ত্বনা মণ্ডল ও মা অলকা মণ্ডল৷ ঘটনাস্থলে এসে পৌঁছলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ৷ চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা চলে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে গ্রামবাসীরা স্থানীয় হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

বীরেন মণ্ডল ও তার মা অলকা মণ্ডলের আঘাত গুরুতর থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় বীরেন মণ্ডলের পরিবারের পক্ষ থেকে হীরালাল সহ ছয়জনের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ।

The post মালদহে বাড়ি তৈরি ঘিরে ধুন্ধুমার, আহত ৩ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Le1vqM
via IFTTT

Comments