তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য এলাকায়

স্টাফ রিপোর্টার, সিউড়ি: এক তৃণমূল কর্মীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ মৃত ব্যক্তির নাম রামচন্দ্র গঁড়াই (৪৫), বাড়ি বীরভূমের মহঃবাজার থানার অন্তর্গত লোহাবাজারের বেনেপাড়ায়।

প্রসঙ্গত, সোমবার বিকেলে ২১ শে জুলাই উপলক্ষে তৃণমূলের মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। মিছিল সেরে বাড়িও ফিরে আসেন। অভিযোগ, কিছুক্ষণ পর একটা ফোন আসতেই বেড়িয়ে যান তিনি। তারপর রাতে আর বাড়ি ফিরেন নি। রাত দশটা নাগাদ তার স্ত্রীর আর্ত-চিৎকার শুনতে পান এলাকাবাসী। এলাকাবাসী এসে সব শুনলে ওই রাতেই খোঁজাখুঁজি শুরু করা হয়৷ কিন্তু তাতেও কোনও খোঁজ পাওয়া যায় নি তাঁর।

পরদিন থানাতে নিখোঁজ বলে একটি ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে। তারপর বুধবার সকালে জাতীয় সড়কের অদূরে বাঁশগাছের ঝোপ থেকে ওই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির মুখ নাইলনের বস্তা দিয়ে বাঁধা ছিল৷ সেই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ক্ষত ছিল। ওই বাঁশ বাগানের মধ্যেই ওই তৃণমূল কর্মীকে মেরে ফেলা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান মৃত্যুর আগে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল৷

এই প্রসঙ্গে মৃতার স্ত্রী বলেন, ‘‘মিছিল সেরে বাড়ি ফেরার পর আতঙ্কে ভুগছিল তার স্বামী। তাঁকে কেউ মেরে ফেলতে পারে বলে জানায়। কিছুক্ষণ পর একটা ফোন আসতেই বেড়িয়ে যায় সে। তারপর রাতে বাড়ি ফেরেনি। রাত দশটা নাগাদ একটা আর্ত-চিৎকার শোনা যায়।’’ অন্যদিকে এলাকার তৃণমূল নেতা শান্তনু চক্রবর্তী বলেন, ‘‘কয়েকদিন ধরেই চুপচাপ থাকছিলেন রামচন্দ্র গঁড়াই। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার সকাল নাগাদ তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।’’

এদিকে মৃত ব্যক্তির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই বাঁশবাগান৷ ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার তিনদিন পর পাওয়া গেল তাঁর মৃতদেহ৷ অথচ পরিবারের লোকজন সোমবার রাত থেকে খোঁজাখুঁজি করলেও দেখতে পেল না কেন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুলিশের মাথায়৷ এমনকি মৃতদেহের কাছে বেশ কয়েক জায়গায় রক্তের দাগ রয়েছে। এই সব বিষয়ের ওপর বিশেষ নজর দিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য এলাকায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uAHhkC
via IFTTT

Comments