‘সুপারম্যান’ ঋদ্ধির চোট নিয়ে ধোঁয়াশা

কলকাতা: ইংল্যান্ড সফরের পাঁচ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন৷ নভেম্বরের আসন্ন অস্ট্রেলিয়ান ট্যুরেও টেস্ট ফর্ম্যাটে ভারতের নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সুযোগ পাবেন কিনা নিশ্চিত নন৷ জানা গিয়েছে কাঁধের চোটের জন্য ইংল্যান্ডে অস্ত্রপোচার হতে পারে পাপালি’র৷ সেক্ষেত্রে অস্ত্রোপচারের পর রিহ্যাব সেরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ছয় মাসেরও বেশি সময় লেগে যেতে পারে৷ ঋদ্ধিমানকে নিয়ে ধোঁয়াশার কালো মেঘ তাই ক্রিকেটমহলে৷ অস্ত্রোপচার হলে সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট থেকেও নাম প্রত্যাহার করতে বাধ্য হবেন বঙ্গ ক্রিকেটার৷ সব মিলিয়ে ঋদ্ধির চোট নিয়ে পরিস্থিতি জটিল হয়েছে৷

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই বলছেন, আইপিএলে চোট পাওয়ার পর বেঙ্গালুরুতে বোর্ডের রিহ্যাব সেন্টারে চোটের পরীক্ষা করে ডাক্তারদের পরামর্শ নিয়েছিলেন ঋদ্ধি৷ এর আগেও দক্ষিণ আফ্রিকা সফরেও চোট পেয়েছিলেন ঋদ্ধি৷ আইপিএলের মাঝে আঙুলে চোট পাওয়ায় আফগান টেস্ট থেকেও বাদ পড়েন এই ক্রিকেটার৷ এরপরও ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে কেন অগস্টের আগে তাঁর যাবতীয় চোট সারিয়ে ফেলা গেল না সেই নিয়েই প্রশ্ন উঠছে৷ প্রশ্ন উঠেছে ঋদ্ধির রিহ্যাব পদ্ধতি নিয়েও৷

চোটের কারণে ইংল্যান্ড ট্যুর থেকে ছিটকেও যাওয়ার পর অবশ্য কাউকে দোষ দিতে চাননি পাপালি৷ এক টুইট বার্তায় টিম ঋদ্ধির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খারাপ সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ৷ চোটের কারণে এখনই ঋদ্ধিমানের কেরিয়ার শেষ বলে যারা ধরে নিচ্ছেন তাঁদের আরও একটু বেশি সহানুভূতিশীল হওয়া উচিত৷ চোট কারুর হাতে থাকে না৷ ঋদ্ধির সেরে ওঠার জন্য প্রার্থনা কাম্য৷’

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘আইপিএলে চোট পাওয়ার পর ঋদ্ধি হয়ত ভেবেছিলেন এনসিতে ট্রেনিংয়ের পর পুরোপুরি ফিট হয়ে উঠবেন৷ ইংল্যান্ড সফরেও খেলা নিয়ে আশাবাদী ছিলেন ঋদ্ধিমান৷’ কিন্তু চোট গুরুতর থাকায় এখন বেশ সমস্যায় রয়েছেন দেশের এক নম্বর টেস্ট উইকেটকিপার৷

The post ‘সুপারম্যান’ ঋদ্ধির চোট নিয়ে ধোঁয়াশা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LbFYTu
via IFTTT

Comments