কয়লা বোঝাই গাড়ি ধাক্কায় আহত দশ স্কুল পড়ুয়া

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: সাত সকালেই একটি স্কুল ভ্যানকে কয়লা বোঝাই গাড়ি ধাক্কা মারাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গোবিন্দধাম গ্রামে। এই ঘটনায় দশ জন ছাত্র সহ ভ্যান চালক গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মত স্থানীয় একটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুল ভ্যানটি যাচ্ছিল৷ সেই সময় পিছন থেকে একটি কয়লা বোঝাই লরি ধাক্কা মারে ওই ভ্যানটিকে। এই ঘটনায় ওই স্কুল ভ্যানে থাকা দশ ছাত্র ছাত্রীর প্রত্যেকেই কম বেশি আহত হয়। তবে ঘটনায় ভ্যান চালকের আঘাত পরিমাণ বেশি।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় কাঞ্চনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েকজনর অবস্থার অবনতি হলে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করেন। তাদের অভিযোগ, কয়লা বোঝাই গাড়ির চালকরা নিজেদের মধ্যে রেশারেশির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েই স্থানীয়রা প্রশ্ন তুলছেন। প্রত্যক্ষদর্শী অভিজিৎ সিংহ বলেন, দশ জন নিম্ন প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রীকে নিয়ে স্কুল ভ্যানটি রাস্তার ফুটপাত দিয়ে যাচ্ছিল।

সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি কয়লা বোঝাই গাড়ি স্কুল ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা মারে। এই ঘটনায় এলাকার মানুষ দোষিদের শাস্তির দাবিতে সরব হন। পাশাপাশি কয়লা বোঝাই গাড়ির বেপরোয়া গতি ও রেষারেষি বন্ধে তাঁরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারিদের সঙ্গে আলোচনা করেছে৷ এরপরই বিক্ষোভকারিরা অবরোধ তুলে নেয়৷

The post কয়লা বোঝাই গাড়ি ধাক্কায় আহত দশ স্কুল পড়ুয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JdUxQQ
via IFTTT

Comments