চোর সন্দেহে বেধড়ক মার যুবককে
মুর্শিদাবাদ: চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিল এলাকার লোকজন৷ শুক্রবার সকালে মুর্শিদাবাদের নওদা থানার আমতলা কানাপাড়া এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ অভিযোগ, ভোরবেলা চুরি করতে এলাকায় এসেছিল ওই যুবক৷ এরপরই এলাকার লোকজন গাছে বেধে মারধর করে তাঁকে৷
শুক্রবার ভোরের দিকে আমতলা কানাপাড়া এলাকায় এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন ওই যুবক৷ রায়পুর গ্রামের কয়েকজনের তা দেখে সন্দেহ হয়৷ শুরু হয় হইচই৷ ওই যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে ফেলেন এলাকার লোকজন৷
আরও পড়ুন: রাফায়েল চুক্তি নিয়ে মিথ্যে বলছে সরকার: রাহুল
শুরু হয় নির্মমভাবে মারধর৷ পরে নওদা থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়৷ বারবার প্রশাসনের তরফে সচেতন করা হলেও সেই সচেতন-বার্তা আদৌ কতটা বাস্তবে কার্যকর হচ্ছে এ ধরনের ঘটনা সেই প্রশ্ন উষ্কে দিচ্ছে৷ ছেলেধরা, মুরগি চোর, বাইক চোর, মোবাইল চোর সন্দেহে গণপিটুনির ঘটনা রোজই কোথাও না কোথাও ঘটে চলেছে৷
নিছক সন্দেহের বশে নৃশংসভাবে মারধর করা হচ্ছে৷ এক্ষেত্রে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব৷ এলাকায় অচেনা মুখ দেখলেই কিংবা কথা বলে সন্তোষজনক জবাব না মিললেই তাঁকে মারধর করা হচ্ছে৷ এমনকী এই নৃশংসতা এমন জায়গায় পৌঁছচ্ছে যে কোনও কোনও ক্ষেত্রে ওই ব্যক্তির প্রাণসংশয় দেখা দিচ্ছে৷
আরও পড়ুন: ২ লক্ষ ভারতীয় পরীক্ষার্থীর সব ব্যক্তিগত তথ্য ফাঁস অনলাইনে
মনোবিজ্ঞানীরা বলছেন, আজকালের মানুষের মধ্যে যে অসহিষ্ণুতা কতটা বেড়ে গিয়েছে এই ধরনের ঘটনাগুলি সেটাই প্রমাণ করছে৷ একটু অন্যরকম হলেই আক্রমণের শিকার হতে হচ্ছে৷ এক্ষেত্রে মানসিক ভারসাম্যহীন মানুষেরও রেহাই নেই৷ আরও একটি দিক এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে৷ সত্যি-মিথ্যে যাচাই না করেই শুধুমাত্র অন্যের কথা শুনেই একটা মানুষকে মারধর করতেও কোনও দ্বিধা কাজ করছে না সভ্য সমাজে বসবাসকারীদের৷
কিন্তু এর থেকে কীভাবে মিলবে মুক্তি! জবাব দিতে পারছেন না কেউই৷ নিজেরা সচেতন না হলে, আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা না বদলালে এমন ঘটনা রোখা যে খুব একটা সহজসাধ্য হবে না মিলছে সেই ইঙ্গিত৷
The post চোর সন্দেহে বেধড়ক মার যুবককে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uNLZuU
via IFTTT
Comments
Post a Comment