দশ দিন পর উদ্ধার নিখোঁজ ক্রিকেটারের মৃতদেহ
জলপাইগুড়ি: দশ দিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ির ক্রিকেটারের৷ গত ১০ তারিখ বন্ধুর পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাপ্পা সাহা (৩১)৷ মেটিলির মূর্তি নদীতে নেমে বাপ্পা নিখোঁজ হন বলে অভিযোগ ওঠে৷
শুক্রবার সকালে ডুয়ার্সের মূর্তি নদীর তিন নম্বর পিলারের নীচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতদেহের ফরেন্সিক তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বাপ্পার বন্ধু আনন্দ সরকার,আনন্দের শ্যালক প্রতীক দাম ও ঘটনার দিন উপস্থিত গাড়ির চালক নিতাই ওরফে দেবাশিস দেকে গত শনিবার পুলিশ গ্রেফতার করে। ধৃত তিন জনের মধ্যে দু’জনকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ। গত ১২ জুলাই আনন্দর পরিবারের সঙ্গেই ডুয়ার্সের মূর্তি নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান বাপ্পা৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আনন্দ ও তাঁর শ্যালক প্রতীক৷
আরও পড়ুন: ক্রিকেটারের নিখোঁজ-রহস্য সমাধানে পুলিশের দ্বারস্থ পরিবার
তাঁরাই পুলিশকে জানিয়েছিল, নদীতে স্নান করতে নেমে জলে ভেসে যান বাপ্পা। যদিও টানা ন’দিন ধরে বাপ্পার খোঁজে তল্লাশি চালানো হলেও কোনও হদিশ মেলেনি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশসুপারের দ্বারস্থ হন বাপ্পার পরিবার এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা৷
বাপ্পাকে অপহরণ করে খুন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল৷ বাপ্পার কাকা হরিবালা রায় মেটেলি থানায় এই অভিযোগ করেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার আগের দিন সোমবার আনন্দর বিবাহবার্ষিকী উপলক্ষে অরবিন্দ নগরে আনন্দর বাড়িতেই রাত কাটান বাপ্পা।
রাতভর আনন্দর বাড়িতে মদ্যপান চলে। পরদিন বেলা এগারোটা নাগাদ বাড়ি ফেরেন বাপ্পা। তাঁর দিদি রিঙ্কু সরকার জানান, ভাইকে দেখেই সেদিন অসুস্থ বলে মনে হয়েছিল৷ তারমধ্যেই ভাই বাজারে চলে যায়। বাজার থেকে ফিরে এসে জানায় আনন্দর পরিবারের সঙ্গে পিকনিক করতে মূর্তি যাচ্ছে। রিঙ্কু সরকারের অভিযোগ, বেলা দু’টো নাগাদ তাঁদের বাড়িতে গাড়ি নিয়ে আসে নিমাই ওরফে দেবাশিস দে। নিমাইয়ের গাড়িতে করে মূর্তির পথে বেরিয়ে যায় তারা৷
আরও পড়ুন: তিনদিন ধরে নিখোঁজ জলপাইগুড়ির ক্রিকেটার
পুলিশ সূত্রে খবর, মূর্তিতে গিয়েও মদ্যপান করেন বাপ্পা। এরইমধ্যে আনন্দের স্ত্রী প্রিয়াঙ্কা কিছুক্ষণের জন্য রিসর্টে যান৷ কিন্তু ফিরে এসে তিনি বাপ্পাকে দেখেননি৷ আনন্দ ও প্রতীক তাঁকে বলেছিল, স্নান করতে নেমে ভেসে গিয়েছে বাপ্পা৷ তদন্তে পুলিশ জানতে পারে, আনন্দর স্ত্রীর সঙ্গে বিয়ের আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল বাপ্পার। সেই সম্পর্ক নিয়ে আনন্দর কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ পরিকল্পিতভাবে বাপ্পাকে খুনের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷
ইতিমধ্যেই বাপ্পার মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। আর এই ফোন থেকেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও পুলিশের হাতে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ পুলিশসুপার অমিতাভ মাইতি জানান, ইতিমধ্যেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে ক্রিকেটারের মৃত্যু রহস্য উদঘাটন করার চেষ্টা চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি এই মৃত্যুরহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
The post দশ দিন পর উদ্ধার নিখোঁজ ক্রিকেটারের মৃতদেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mwi8n1
via IFTTT
Comments
Post a Comment